
ময়মনসিংহের নান্দাইলে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) প্রকল্পের বরাদ্দ করা চাল বিতরণস্থলেই অবৈধভাবে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার চণ্ডীপাশা ইউপি চত্বরে গিয়ে চাল বিক্রির চিত্র দেখা গেছে। তবে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যদের দাবি, উপকারভোগীরাই এসব চাল বিক্রি করছেন।
খোঁজ নিয়ে জানা যায়, সরকারের মহিলাবিষয়ক অধিদপ্তর দেশের হতদরিদ্র নারীদের (দুস্থ মাতা) মধ্যে বিনা মূল্যে চাল দেওয়ার জন্য ভিডব্লিউবি নামে একটি প্রকল্প গ্রহণ করে। প্রকল্পটির সাবেক নাম ছিল ভিজিডি। চলতি বছরের জানুয়ারি থেকে নতুন নামে প্রকল্পটি চালু করা হয়েছে।
মহিলাবিষয়ক অধিদপ্তর নান্দাইল উপজেলা কার্যালয় সূত্রে জানা যায়, নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নে ২৮৯ জন হতদরিদ্র নারীকে ভিডব্লিউবি প্রকল্পের আওতায় আনা হয়েছে। প্রতিমাসে একজন কার্ডধারী উপকারভোগী ৩০ কেজি করে বিনা মূল্যে চাল বরাদ্দ পাবেন। বর্তমান বাজারে ৩০ কেজি চালের মূল্য প্রায় ১ হাজার ৫০০ টাকা।
আজ বেলা একটার দিকে চণ্ডীপাশা ইউপি চত্বরে গিয়ে দেখা যায়, প্রকাশ্যে সরকারি প্রকল্পের চাল বেচাকেনা হচ্ছে। পাইকারেরা সরকারি বস্তার সেলাই খুলে চাল বের করে প্লাস্টিকের বস্তায় ভরছেন। পরে চালভর্তি বস্তাগুলো ইজিবাইকে তুলে বিভিন্ন দোকানে পাঠিয়ে দেওয়া হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেলা ১১টার দিকে ইউপি থেকে চাল বিতরণের কাজ শুরু হয়। ওই সময় থেকেই চাল বেচাকেনা শুরু হয়। বিভিন্ন স্থান থেকে আসা পাইকারেরা প্রতিবস্তা চাল ৮০০ থেকে ৮৫০ টাকায় কিনে নিচ্ছেন।
কার্ডধারী এক নারী নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘এসব চালের ভাত গন্ধ করে। খেতে পারি না। তাই এই চাল বাড়িতে না নিয়ে বিক্রি করে দিচ্ছি।’
বীরঘোষপালা গ্রাম থেকে চাল কিনতে এসেছেন মো. হাতেম আলী (৫৫) নামের এক ব্যক্তি। তাঁর মাছের খামার আছে। উপকারভোগীরা চাল বিক্রি করে দিচ্ছেন। তিনি ৪ হাজার টাকা দিয়ে ৫ বস্তা (১৫০ কেজি) চাল কিনেছেন। হাতেম আলী বলেন, বাজারে মাছের যেকোনো খাদ্যের কেজি প্রায় ৫০ টাকা। তবে এখানে ৩০ কেজির এক বস্তা চাল ৮০০ টাকায় কেনা যায়। দামাদামি করলে আরও কমে পাওয়া যায়।
তবে এ সময় ইউপি চত্বরে গিয়ে কোনো তদারকি কর্মকর্তাকে পাওয়া যায়নি। যদিও সরকারি পরিপত্রে বলা আছে, কোনো অবস্থাতেই তদারকি কর্মকর্তার অনুপস্থিতিতে বরাদ্দ বিতরণ করা যাবে না।
ইউপি চত্বরেই সরকারি বরাদ্দের চাল বিক্রি করে দেওয়ার বিষয়ে জনতে চাইলে ইউপি চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন ভূঁইয়া বলেন, ‘উপকারভোগীরা চাল বিক্রি করে দিলে আমার কী করার আছে!’
উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রাশেদা রহমান মুঠোফোনে বলেন, কোনো অবস্থাতেই সরকারি বরাদ্দের চাল বিক্রি করার নিয়ম নেই। যেসব উপকারভোগী চাল বিক্রি করে দিয়েছেন, তাঁদের চিহ্নিত করতে ইউপি চেয়ারম্যানকে বলা হয়েছে।