মাদারীপুরের শিবচর উপজেলায় পদ্মা সেতু এক্সপ্রেসওয়েতে এই ট্রাকের চাপায় নিহত হয়েছেন কৃষক কাবুল ব্যাপারী
মাদারীপুরের শিবচর উপজেলায় পদ্মা সেতু এক্সপ্রেসওয়েতে এই ট্রাকের চাপায় নিহত হয়েছেন কৃষক কাবুল ব্যাপারী

মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে ট্রাকচাপায় প্রাণ গেল কৃষকের

মাদারীপুরের শিবচর উপজেলায় পদ্মা সেতু এক্সপ্রেসওয়েতে ট্রাকচাপায় এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে এক্সপ্রেসওয়ের পাচ্চর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত কাবুল ব্যাপারী (৪০) উপজেলার রাজারচর তাহের ব্যাপারীকান্দি এলাকার বাসিন্দা ছিলেন।

হাইওয়ে পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, আজ সকালে কৃষক কাবুল ব্যাপারী বীজ ও সার কিনতে পাচ্চর বাজারে যাচ্ছিলেন। তিনি পাচ্চর যাত্রীছাউনির কাছে এসে সংযোগ সড়ক ব্যবহার না করে সরাসরি এক্সপ্রেসওয়ে পারাপার হতে যান। এ সময় দ্রুতগতিতে আসা পদ্মা সেতুমুখী একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে কাবুল ব্যাপারীর মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করে লাশটি উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।

শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক আবদুল্লাহ হেল বাকী প্রথম আলোকে বলেন, এই এক্সপ্রেসওয়েতে পথচারী বা যাত্রী ওঠা নিষেধ। তবুও কিছু পথচারী ও যাত্রী নিয়ম মানেন না। দৌড়ে এক্সপ্রেসওয়ে পার হতে গিয়ে ট্রাকচাপায় ঘটনাস্থলে ওই পথচারী মারা যান। ট্রাকটি হাইওয়ে পুলিশ জব্দ করেছে, তবে চালক পালিয়ে গেছেন। এ দুর্ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।