
ফিলিং স্টেশনে তখন জ্বালানি তেল কিনতে আসা মানুষের ভিড়। সারি সারি মোটরসাইকেল। হঠাৎ বাইরে থেকে বোরকা পরা একজন মোটরসাইকেল নিয়ে একটি সারির সামনে এসে দাঁড়ান। পেছনে অপেক্ষারত মোটরসাইকেলচালকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। কথা–কাটাকাটির একপর্যায়ে জানা যায়, তিনি এক যুবক। বোরকা পরে নারীর ছদ্মবেশে তেল কিনতে এসেছেন।
গতকাল বুধবার রাতে নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড এলাকার মেসার্স মামুন ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। তবে ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনার একটি ভিডিও বুধবার রাতে ফেসবুকে ছড়িয়ে পড়ে।
মামুন ফিলিং স্টেশনের স্বত্ত্বাধিকারী মামুন হোসেনের ছেলে অভি জানান, ওই যুবক ধরা পড়ার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাঁকে সেখান থেকে বিদায় করা হয়। হয়তো নারী হিসেবে আগে তেল পাওয়ার আশায় তিনি এই কাজ করেছেন অথবা ফেসবুকে ভাইরাল হতেও এই কাজ করে থাকতে পারেন।