রোহিঙ্গাদের আশ্রয়শিবিরে কাজের সুযোগ দিতে উদ্যোগ নেবে যুক্তরাষ্ট্র: পিটার হাস

পিটার হাস
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেন, কক্সবাজারের উখিয়ায় আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের আশ্রয়শিবিরে কাজের অনুমতি না থাকায় গোপনে বাইরে গিয়ে কাজ করেন তাঁরা। এ জন্য যুক্তরাষ্ট্র আশ্রয়শিবিরে রোহিঙ্গাদের কাজের সুযোগ তৈরি করে দেওয়ার ব্যাপারে বাংলাদেশ সরকারের সঙ্গে মিলিতভাবে উদ্যোগ নেওয়ার চেষ্টা করছে। কাজের সুযোগ পেলে তাঁরা আর শিবিরের বাইরে যাবেন না।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বান্দরবান জেলা পরিষদ মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার মিডিয়েটর ফোরামের (এলভিএমএফ) আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। স্থানীয় জনপ্রতিনিধি ও এলভিএমএফের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এলভিএমএফের নেতৃবৃন্দ বান্দরবানে রোহিঙ্গাদের ছড়িয়ে পড়ার বিষয়টি রাষ্ট্রদূতের কাছে তুলে ধরেন।

এলভিএমএফের আলীকদম উপজেলা সভাপতি ফোগ্য মারমা বলেছেন, ইউএনডিপির সহায়তায় তাঁরা এলভিএমএফ গঠন করেছেন। তাঁরা মূলত বান্দরবান পার্বত্য জেলার দ্বন্দ্ব-সংঘাত মীমাংসা ও ব্যবস্থাপনা করে থাকেন। সমাজে ছোট ছোট সমস্যা থেকে বড় ধরনের সংঘাত তৈরি হওয়ার আগেই সমস্যাগুলো মীমাংসা করে ফেলেন। তবে রোহিঙ্গারা জেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ায় সমাজের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের সাবেক নারী ভাইস চেয়ারম্যান ও এলভিএমএফের সদস্য হামিদা চৌধুরী বলেছেন, রোহিঙ্গারা বিভিন্ন স্থানে বসতি গড়ে তুলছেন। নারী-শিশু পাচার, মাদক চোরাচালানের সঙ্গে জড়িয়ে স্থানীয় সমাজে অস্থিরতা সৃষ্টি করছেন।

রাষ্ট্রদূত পিটার ডি হাস এলভিএমএফের সদস্যদের বলেছেন, সংঘাত সৃষ্টির আগে সমস্যা মীমাংসার উদ্যোগ অত্যন্ত ভালো। প্রশিক্ষণ ও বিভিন্নভাবে সহযোগিতার জন্য কী করা যায় তাঁরা বিবেচনা করে দেখবেন।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাসের নেতৃত্বে ইউএসএআইডির ১৭ সদস্যের একটি প্রতিনিধি দল রাঙামাটি ও বান্দরবান সফর করেছে। তাঁরা ইউএনডিপি ও বেসরকারি সংস্থায় দেওয়া উন্নয়ন সহযোগিতা প্রকল্প পরিদর্শনে এসেছেন বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।