গাজীপুরে পার্কের পুকুরে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানার মেঘডুবি এলাকায় একটি পার্কের পুকুরে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে মেঘডুবি এলাকায় সাবরিনা ড্রিম রিসোর্ট অ্যান্ড পার্কে এ ঘটনা ঘটেছে।

নিহত দুজন হলো গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর আরিচপুর এলাকার লিটন মিয়ার ছেলে রুমান (১৫), একই এলাকার আজিজুল হকের ছেলে হামিম (১৫)। তারা দুজনেই স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, মেঘডুবি এলাকায় সাবরিনা ড্রিম রিসোর্ট অ্যান্ড পার্কে বেড়াতে যায় রুমান, হামিমসহ চারজন। একপর্যায়ে তারা ওই পার্কের একটি পুকুরে গোসল করতে নামে। এ সময় রুমান ও হামিম ডুবে যায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজন পুকুর থেকে মৃত অবস্থায় রুমান ও হামিমকে উদ্ধার করে। পরে ময়নাতদন্ত ছাড়াই ওই দুই শিক্ষার্থীর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।