ময়মনসিংহে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার

ময়মনসিংহের হালুয়াঘাটে ১১ বছরের এক বাক্‌প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাত ৮টার দিকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গতকাল বেলা ৩টার দিকে ধর্ষণের এ ঘটনা ঘটে। রাতেই শিশুটির মা বাদী হয়ে মামলা করেন। অভিযুক্ত শাকুল সাংমা (৫০) হালুয়াঘাটের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় লোকজন বলছেন, শিশুটি বাড়ির পাশে খেলাধুলা করার সময় শাকুল সাংমা তাকে পাশের একটি জঙ্গলে নিয়ে যান। সেখানে শিশুটিকে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করা হয়। এ সময় স্থানীয় চৌকিদার বক্তার মিয়াসহ আশপাশের লোকজন দেখে ফেলায় শাকুল পালিয়ে যান। পরে শিশুটিকে উদ্ধার করে বাড়িতে নেওয়া হলে সে ইশারা-ইঙ্গিতের মাধ্যমে তার মা–বাবাকে নির্যাতনের কথা জানায়। পরে স্থানীয় লোকজন বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে শাকুল সাংমাকে আটক করে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, বাক্‌প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে গতকাল রাত ৮টার দিকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আজ সোমবার আদালতে পাঠানো হবে।