
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন পাঁচ জেলায় ২০২৫ সালে এসএসসির পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ ৪০ হাজার ৬৭৩ শিক্ষার্থী। আর এ বছর অংশ নিচ্ছে ১ লাখ ৩০ হাজার ৬৬৮ জন; অর্থাৎ গতবারের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে ১০ হাজার ৫ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা কমেছে ৫ হাজার ৩২৭। পাশাপাশি এ বছর কেন্দ্রের সংখ্যাও কমেছে। তবে অংশগ্রহণকারী বিদ্যালয়ের সংখ্যা বেড়েছে ৫৪টি।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড জানায়, এ বছর চট্টগ্রাম বোর্ডের অধীন পাঁচ জেলায় এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে ৫৬ হাজার ৩২৫ জন ছাত্র। অন্যদিকে এবার ৭৪ হাজার ৩৪৩ জন ছাত্রী অংশ নেবে পরীক্ষায়। গত বছর অংশ নিয়েছিল ৬১ হাজার ৬৫২ জন ছাত্র এবং ৭৯ হাজার ২১ জন ছাত্রী। এ হিসাবে, ছাত্র কমেছে ৫ হাজার ৩২৭ জন ও ছাত্রী কমেছে ৪ হাজার ৬৭৮ জন।
২০২৬ সালের এসএসসি পরীক্ষা ২১ এপ্রিল শুরু হবে। চট্টগ্রাম বোর্ডের অধীন চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার ১ হাজার ২১৮টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবার এসএসসি পরীক্ষা দেবে। গত বছর শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১ হাজার ১৬৪টি। গত বছর এই পাঁচ জেলায় পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ছিল ২১৯। এবার কেন্দ্র ২১৮টি। গতবারের চেয়ে চট্টগ্রাম জেলায় দুটি কেন্দ্র কমেছে। বান্দরবান জেলায় একটি কেন্দ্র বেড়েছে।
এবার চট্টগ্রাম বোর্ডে সবচেয়ে বেশি পরীক্ষার্থী কমেছে চট্টগ্রাম জেলায়। গতবারের তুলনায় এ জেলায় পরীক্ষার্থী কমেছে ৬ হাজার ৭৯৯ জন। এবার চট্টগ্রাম জেলা থেকে ৯২ হাজার ২৯৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। কক্সবাজার জেলায় অংশ নিচ্ছে ১৮ হাজার ৯১৪, রাঙামাটিতে ৭ হাজার ৪১৬, খাগড়াছড়িতে ৮ হাজার ৬৯ এবং বান্দরবানে ৩ হাজার ৯৭৩ জন এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।
চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘এবার পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ৭৬টি পর্যবেক্ষক দল (ভিজিল্যান্স টিম) গঠন করা হয়েছে। এর মধ্যে ৬৬টি সাধারণ ভিজিল্যান্স এবং ১০টি বিশেষ ভিজিল্যান্স টিম। থানা শিক্ষা কর্মকর্তারা এখনো পর্যন্ত ঝুঁকিপূর্ণ কেন্দ্রের কোনো খবর দেয়নি। তবে আমরা দুর্গম এলাকার কেন্দ্রগুলো পরিদর্শন করছি।’