নিহত যুবলীগ নেতা মুসলিম উদ্দিন
নিহত যুবলীগ নেতা মুসলিম উদ্দিন

সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের গুপ্তাখালী এলাকায় যুবলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে স্থানীয় একটি কারখানা থেকে বের হওয়ার সময় দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে আহত করে। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। নিহত ওই নেতার নাম মুসলিম উদ্দিন (৩৫)।

মুসলিম উদ্দিন মুরাদপুর ইউনিয়ন যুবলীগের সদস্য ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বদিউল আলম জসিম।

নিহত মুসলিম উদ্দিনের শ্বশুর আইয়ুব আলী প্রথম আলোকে বলেন, মুরাদপুর ইউনিয়নের গুপ্তাখালী গ্রামের বেড়িবাঁধ এলাকায় একটি কারখানায় ছিলেন মুসলিম উদ্দিন। বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি কারখানা থেকে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এ সময় সেখানে আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা মুসলিম উদ্দিনকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলমগীর প্রথম আলোকে বলেন, পূর্বশত্রুতার জের ধরে মুসলিম উদ্দিনকে কুপিয়ে হত্যা করেছে বলে তিনি জানতে পেরেছেন। লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে গত ২৬ মার্চ সন্ধ্যায় বাড়ি থেকে নিজের খামারে যাওয়ার পথে উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনার দুই সপ্তাহ না পেরোতেই আরও একটি খুনের ঘটনা ঘটল। এতে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।