সরিষাবাড়ীতে এক বছরের সাজা এড়াতে পালিয়ে ছিলেন সাত বছর

জামালপুর জেলার মানচিত্র
জামালপুর জেলার মানচিত্র

অর্থ আত্মসাতের একটি মামলায় এক বছরের দণ্ড মাথায় নিয়ে সাত বছর ধরে পালিয়ে ছিলেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বাসিন্দা খলিলুর রহমান (৫৫)। অবশেষে আজ শনিবার ভোরে তাঁকে ঢাকার টিকাটুলী এলাকা থেকে গ্রেপ্তার করে সরিষাবাড়ী থানার পুলিশ।

পুলিশ জানিয়েছে, উপজেলার ডোয়াইল ইউনিয়নের গাড়াডোবা গ্রামের খলিলুর রহমানের বিরুদ্ধে ২০১২ সালে এক লাখ টাকা আত্মসাতের অভিযোগে জামালপুর অর্থঋণ আদালতে একটি মামলা হয়। মামলায় ২০১৬ সালে খলিলুরকে এক লাখ টাকা অর্থদণ্ড ও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। এর পর থেকে খলিলুর পলাতক ছিলেন। গত ২০ মে সাজাপ্রাপ্ত আসামি খলিলুর রহমানকে গ্রেপ্তার করতে থানায় পরোয়ানা পাঠান আদালত। আজ ভোরে ঢাকার টিকাটুলী থেকে খলিলুরকে গ্রেপ্তার করেন সরিষাবাড়ী থানার সহকারী উপপরিদর্শক জহির রায়হান।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মহব্বত কবীর বলেন, এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে। আজ দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।