ফুলবাড়ীতে সেতু নির্মাণ

মেয়াদ শেষ, পিলারই হয়নি

মেয়াদ শেষ হওয়ার ছয় মাস পার হলেও দৃশ্যমান হয়নি সেতু। দুর্ভোগে পড়েছে ১০ গ্রামের মানুষ।

এক বছরে শুধু পাইলিংয়ের কাজ হয়েছে। কিছুদিন কাজও বন্ধ ছিল। মেয়াদ শেষ হওয়ার ছয় মাস পার হলেও দৃশ্যমান হয়নি সেতু। গত বুধবার দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের জাংগাল এলাকায়
ছবি: প্রথম আলো

সেতুর নির্মাণকাজের মেয়াদ শেষ হয়েছে গত বছর নভেম্বরে। গত এক বছরে শুধু পাইলিংয়ের কাজ হয়েছে। কিছুদিন কাজও বন্ধ ছিল। মেয়াদ শেষ হওয়ার ছয় মাস পার হলেও দৃশ্যমান হয়নি সেতু। এ দিকে সেতুর কাজ শেষ না হওয়ায় দুর্ভোগে পড়েছে ১০ গ্রামের কয়েক হাজার মানুষ।

নির্মাণাধীন সেতুটির অবস্থান দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের চিন্তামন-আটপুকুর রাস্তায় জাংগাল এলাকায়।

স্থানীয় লোকজনের অভিযোগ, ঠিকাদারের গাফিলতির কারণে যথাসময়ে সেতুর কাজ শেষ হয়নি। কৃষিপণ্য পরিবহনসহ যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছেন তাঁরা। বিশেষ করে সংযোগ সড়কের কারণে পানির প্রবাহ বন্ধ হওয়ায় সেতুর দুই পাশে প্রায় তিন হাজার হেক্টর জমি গত আমন মৌসুমে জলাবদ্ধতার কবলে পড়েছিল। অনেককেই দুইবার আমনের চারা বুনতে হয়েছিল। আসন্ন বর্ষায় তাদের ভোগান্তি আরও বাড়বে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্র জানায়, আরডিআইআইপি-২ প্রকল্পের আওতায় চিন্তামন-আটপুকুর সড়কে জাংগাল এলাকায় ২৫ মিটার দৈর্ঘ্য ও ৫ দশমিক ৫ মিটার প্রস্থ সেতুটির দরপত্র আহ্বান করা হয়েছিল ২০২১ সালের ৩ মার্চ।

ঠিকাদারকে কয়েক দফায় নোটিশ করা হয়েছে। এরই মধ্যে ঠিকাদার সময় বাড়ানোর আবেদন করেছেন।
গোলাম মির্জা সাহেরুল আলম, এলজিইডির উপসহকারী প্রকৌশলী

সংযোগ সড়কসহ ২ কোটি ৯ লাখ টাকা ব্যয়ে নির্মাণকাজের দায়িত্ব পায় যশোরের আইসিএল প্রাইভেট লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ওই বছর নভেম্বরের কার্যাদেশ দেওয়া হয়। নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল গত বছর নভেম্বর মাসে। কাজের মেয়াদ বাড়ানোর আবেদন মঞ্জুর করা হলেও এখনো এক–তৃতীয়াংশ কাজই বাকি।

গত বুধবার সংশ্লিষ্ট এলাকায় গিয়ে দেখা যায়, সেতুর পূর্ব দিকে রাস্তায় নির্মাণসামগ্রী হিসেবে অল্প পরিমাণ রড ও পাথর ফেলে রাখা হয়েছে। মাত্র দুজন নির্মাণশ্রমিক পাইলিংয়ের বেসমেন্টে কাজ করছেন। সেতুর পাশ দিয়ে সংযোগ রাস্তা তৈরি করা হয়েছে। সেটিও দেবে গেছে। এর ওপর দিয়েই ঝুঁকি নিয়ে চলছে মানুষ ও যানবাহন।

এ সম্পর্কে ঠিকাদার রবিউল ইসলাম প্রধান বলেন, গত বছর এপ্রিলে সেতুর নির্মাণকাজ শুরু হয়েছিল। বর্ষাকাল শুরু হওয়ার কারণে কাজ বন্ধ রাখতে হয়। তা ছাড়া নির্মাণসামগ্রীর দাম বেড়ে যাওয়ায় কাজটা যথাসময়ে করা সম্ভব হয়নি। আগামী অক্টোবরের মধ্যে সেতুর নির্মাণকাজ শেষ করা হবে।

সেতুর পূর্বদিকে ফুলবাড়ী উপজেলা শহর, বেতদিঘী ইউনিয়নের বৈকুণ্ঠপুর, চৌরাই, মহেশপুর, চিন্তামন, মাদিলাহাট। আর পশ্চিমে কাজিহাল ইউনিয়নের আটপকুরহাট, চকিয়াপাড়া, রুদ্রানীবাজার, পুকুরীহাট, নাড়িয়াবাজার।

উভয়পাশের এসব গ্রামের ২৫-৩০ হাজার মানুষের যাতায়াতে ভরসা এই সেতু। জেলার সবচেয়ে বড় ধানের বাজার হলো আটপুকুর। ছোট-বড় মিলিয়ে এক হাজারের ওপর দোকান ও আড়ত আছে এখানে। ধানের গাড়ি নিয়ে উপজেলা শহরে আসতে হলে ১২-১৪ কিলোমিটার পথ বেশি ঘুরে আসতে হয়। এতে পরিবহন খরচও বেড়ে যায় ব্যবসায়ীদের।

সেতু এলাকায় সংযোগ রাস্তায় অর্ধশত ধানের বস্তা নিয়ে অপেক্ষা করছেন রিয়াজুল ইসলাম। তিনি বলেন, ‘দুই ঘণ্টা ধরি দাঁড়ে আছি। গাড়ি আসপার নাগছে। একে তো ব্রিজটা হচে নাই। তার ওপর দুই কিলোরাস্তা খোয়া বিছি রাখোছে। গাড়ি আসপারই চায় না।’

আটপুকুর বাজারে আলাপচারিতায় রুদ্রানী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মাসুদ রানা বলেন, ভাঙা সেতুটাই ভালো ছিল। এত ছোট একটা সেতু তৈরি করতে এত সময় লাগার কথা নয়। স্কুল-মাদ্রাসা-কলেজসহ সেতুর উভয় পাশে ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান আছে।

গত বছর বর্ষায় স্কুলে যাতায়াতে খুব কষ্ট হয়েছে। বাড়ি থেকে সাইকেল করে এসে আটপুকুর বাজারে সাইকেল রেখে পরে প্যান্ট গুঁজে দিয়ে বাকি প্রায় এক কিলোমিটার রাস্তা হেঁটে স্কুলে যাতায়াত করেছি। এবারও বর্ষায় কষ্ট করতে হবে।

সেতুর নির্মাণকাজের বিষয়ে এলজিইডির উপসহকারী প্রকৌশলী গোলাম মির্জা সাহেরুল আলম বলেন, ‘ঠিকাদারকে কয়েক দফায় নোটিশ করা হয়েছে। এরই মধ্যে ঠিকাদার সময় বাড়ানোর আবেদন করেছেন। একই সঙ্গে ঠিকাদার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথাও জানিয়েছেন। কিন্তু কার্যাদেশ অনুযায়ী ঠিকাদারকে তাগাদা দেওয়া হয়েছে। তিনি কাজ শুরু করেছেন।’