ট্রাকগুলো দিয়ে ময়মনসিংহ থেকে ঢাকার যাত্রাবাড়ীর আড়তে নেওয়া হবে মাছ। আজ সোমবার সকালে ত্রিশালের কাজীর শিমলা এলাকায়
ট্রাকগুলো দিয়ে ময়মনসিংহ থেকে ঢাকার যাত্রাবাড়ীর আড়তে নেওয়া হবে মাছ। আজ সোমবার সকালে ত্রিশালের কাজীর শিমলা এলাকায়

তেলের মূল্যবৃদ্ধির প্রভাব

ময়মনসিংহ থেকে ঢাকায় মাছবাহী ট্রাকের ভাড়া বাড়ছে ৩-৪ হাজার টাকা

ময়মনসিংহ থেকে প্রতিদিনই রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে যায় বিপুল পরিমাণ মাছ। তবে জ্বালানির মূল্যবৃদ্ধি ও সংকটের কারণে আবারও বাড়ছে মাছ পরিবহনের ট্রাকভাড়া। এতে মাছের বাজারেও জেলাটির প্রভাব পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

প্রতি লিটার ডিজেলের দাম ১০০ থেকে বাড়িয়ে ১১৫ টাকা, কেরোসিন ১১২ থেকে বাড়িয়ে ১৩০ টাকা, অকটেন ১২০ থেকে বাড়িয়ে ১৪০ টাকা এবং পেট্রলের দাম ১১৬ থেকে বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম গত রোববার থেকে কার্যকর হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে ময়মনসিংহে রেকর্ড ৪ লাখ ১৮ হাজার ৬৪৫ টন মাছ উৎপাদিত হয়েছে, যা দেশের মোট উৎপাদনের প্রায় ১২ শতাংশ। জেলার ৩৩ হাজার ৪৬০ হেক্টর জলমহাল থেকে এই উৎপাদন আসে। প্রতি কেজি মাছ গড়ে ৩০০ টাকা ধরে এর বাজারমূল্য দাঁড়ায় প্রায় ১২ হাজার ৫৬০ কোটি টাকা। উৎপাদনে তুলনামূলকভাবে এগিয়ে আছে ভালুকা ও ত্রিশাল উপজেলা।

আজ সোমবার সকাল ৮টা ৫৯ মিনিট দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার কাজীর শিমলা উচ্চবিদ্যালয়ের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে সাতটি ট্রাক। এগুলোয় করে মাছ যাচ্ছিল রাজধানীর যাত্রাবাড়ী ও কারওয়ান বাজারের আড়তে।

একটি ট্রাকের চালক দুলাল মিয়া বলেন, যুদ্ধ পরিস্থিতির আগে যাত্রাবাড়ী বা কারওয়ান বাজারে মাছ নিতে ভাড়া লাগত ৮ থেকে ১০ হাজার টাকা। কিন্তু জ্বালানি নিতে দীর্ঘ লাইনে দাঁড়ানোর পর থেকে ভাড়া বাড়িয়ে ১১ হাজার টাকা করতে হয়েছে। তাঁর দাবি, লাইনে দাঁড়িয়েও অনেক সময় তেল পাওয়া যায় না। গতকাল লিটারপ্রতি ১৫ টাকা দাম বেড়েছে। তাই আরও অন্তত এক হাজার টাকা ভাড়া বাড়াতে হবে। আজ আগের ভাড়ায় গেলেও আগামীকাল থেকে নতুন ভাড়া কার্যকর করা হবে।

ত্রিশালের নুরুর দোকান এলাকার ট্রাকচালক সুমন মিয়া প্রায় ১৫ বছর ধরে এই পেশায় আছেন। তিনি বলেন, ‘দুপুরের পর মাছ তুলে সন্ধ্যায় ঢাকার দিকে রওনা দিই। আনলোড করে ভোরে আবার ফিরে আসি। কিন্তু তেলের পাম্পে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। অনেক সময় ২০০ থেকে ৩০০ টাকা বাড়তি দিয়ে তেল নিতে হয়। এখন আবার দামও বেড়েছে। প্রতি ট্রিপে এক থেকে দেড় হাজার টাকা বেশি খরচ হচ্ছে। আজ আমরা সবাইকে জানিয়ে দিয়েছি, কাল থেকে ভাড়া বাড়িয়ে গাড়ি চালাব।’

ময়মনসিংহ নগরের চুরখাই এলাকার প্রবীণ ট্রাকচালক মো. মোস্তফা বলেন, ময়মনসিংহ থেকে কারওয়ান বাজারে যেতে প্রায় ৭০ লিটার তেল লাগে। নতুন দামে হিসাব করলে প্রতি ট্রিপে এক হাজার টাকার বেশি খরচ বাড়বে। সে অনুযায়ী ভাড়াও বাড়াতে হবে।

ত্রিশালের সাদিক মৎস্য হাউসের মালিক মোশাররফ হোসেন ঢাকার কারওয়ান বাজার, যাত্রাবাড়ী, রামপুরা ও গাবতলী, নারায়ণগঞ্জসহ বিভিন্ন জাগায় মাছ বিক্রি করেন। তিনি বলেন, ‘গতকালও আমার ৭ ট্রাক মাছ গেছে ঢাকায়। জ্বালানি তেলের দাম বাড়ায় এখন নতুন করে ভাড়া বাড়ানোর কথা বলছে ট্রাক মালিকেরা। তাঁদের সঙ্গে আজ আমরা বসব। আমরাও যেন ক্ষতিগ্রস্ত না হই, তাঁরাও যেন ক্ষতিগ্রস্ত না হন, সেভাবে ভাড়া সমন্বয় করা হবে। পরিবহন ভাড়া বাড়ায় মাছের দামও ভোক্তা পর্যায়ে বেড়ে যাবে। আমাদের সমন্বয় করে মাছ কিনতে ও বিক্রি করতে হবে।’