
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর পর্যটনকেন্দ্রে এবারের ঈদের ছুটিতে দর্শনার্থীরা কম আসছেন। কেন্দ্রটির প্রধান ফটক, সৈকতসহ ঘোরাঘুরির অন্য স্থানগুলো প্রায় ফাঁকা। গতকাল বৃহস্পতিবার ঈদের দিন ও আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ অবস্থা গেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বৃষ্টি থাকায় লোকজন ঘুরতে বের হচ্ছেন না।
বৃহস্পতিবার বিকেলে ও আজ বেলা ১১টায় ওই পর্যটনকেন্দ্র এলাকায় দেখা যায়, ফটকের ভেতরে কিছু লোকের আনাগোনা থাকলেও মেঘনা নদী-সংলগ্ন সৈকত এলাকা প্রায় জনশূন্য। সেখানকার বসার চেয়ার ও বিশ্রামের শয্যাগুলো খালি পড়ে আছে। বিভিন্ন রাইডসহ শিশুদের বিনোদনের স্থানগুলো নীরব। প্রায় ফাঁকা পড়ে আছে ফুলের বাগান ও খাবারের রেস্টুরেন্টটি। কোথাও হইচই ও কোলাহল নেই তেমন।
মতলব দক্ষিণ উপজেলা সদরের কলেজশিক্ষক মো. কামাল হোসেন বলেন, ‘বৃষ্টির কারণে ঈদের দিন বিকেলে এখানে ঘুরতে আসিনি। আজ স্ত্রী ও ছেলেকে নিয়ে এসেছি। লোকজন তেমন না থাকায় কেমন যেন একটা থমথমে ভাব। ঘুরতে এসেও আনন্দ পাচ্ছি না তেমন।’
মোহনপুর এলাকার চার বাসিন্দা বলেন, গতকাল থেকে আজ দুপুর পর্যন্ত দফায় দফায় বৃষ্টি হওয়ায় লোকজন বের হওয়ার সুযোগ পাচ্ছেন না।
মোহনপুর পর্যটনকেন্দ্রের কার্যালয় সূত্র জানায়, প্রতিবছর ঈদের দিনগুলোয় সেখানে মানুষ আসেন এক থেকে দেড় হাজার। বছরের স্বাভাবিক সময়েও সেখানে প্রতিদিন ৩০০-৪০০ জন আসে। গতকাল থেকে আজ দুপুর পর্যন্ত সেখানে লোক এসেছেন ১০০-১৫০ জন। সেখানে প্রতি দর্শনার্থীর টিকিটের মূল্য ১০০ টাকা।
মোহনপুর পর্যটনকেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাজী আবু জাফর বলেন, মূলত বৃষ্টির কারণে গতকাল ও আজ সেখানে দর্শনার্থী কম। আবহাওয়া ভালো হলে দর্শনার্থীর সংখ্যা বাড়বে।