তিন দিনের ব্যবধানে আরেক রুয়েট ছাত্রের লাশ উদ্ধার

লাশ
প্রতীকী ছবি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) আরেক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে নগরের সাধুর মোড় এলাকার এক ছাত্রাবাস থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

ওই শিক্ষার্থীর নাম সামিউর রহমান। তিনি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়তেন। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।

পুলিশ ও রুয়েট সূত্রে জানা গেছে, নগরের সাধুর মোড় এলাকায় রহিজ ছাত্রাবাসে একটি কক্ষে একাই থাকতেন সামিউর। গতকাল রাত সাড়ে ১০টার পর অন্য ছাত্ররা দেখতে পান তাঁর কক্ষ ভেতর থেকে লাগানো। পরে অনেক ডাকাডাকি করলেও তাঁর সাড়া পাওয়া যায়নি। পরে ছাত্ররা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় সামিউরের লাশ উদ্ধার করে।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক মো. আল মামুন বলেন, ‘খোঁজখবর নেওয়া হচ্ছে, কেন সামিউর এমন করেছে। জানামতে, সামিউরের ফলও ভালো।’

নগরের বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী হোসেন বলেন, সামিউর মেসে একটি কক্ষে একাই থাকতেন। তাঁরা খবর পেয়ে রাতে ওই মেসে যান। গিয়ে দেখেন কক্ষটি ভেতর থেকে বন্ধ করা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে ঘরের দরজা ভেঙে তাঁকে উদ্ধার করে। এ সময় তিনি ঝুলন্ত অবস্থায় ছিলেন। পরে তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যুর কারণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, এটা আত্মহত্যা। এ ঘটনায় রাতেই থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়ার পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে গত বুধবার একই বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৮তম ব্যাচের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তানভীর আহমেদের মৃত্যু হয়। ওই দিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ লেফটেন্যান্ট সেলিম হল থেকে তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিক্ষার্থীরা তাঁকে হলের কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন।