চট্টগ্রাম জেলার মানচিত্র
চট্টগ্রাম জেলার মানচিত্র

ঘূর্ণিঝড় রিমাল

চট্টগ্রামে দেয়াল ধসে পথচারীর মৃত্যু

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানাধীন কলাবাগান এলাকায় নির্মাণাধীন দেয়াল ধসে এক সাইফুল ইসলাম নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সাইফুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান। তিনি প্রথম আলোকে বলেন, সীমানা দেয়ালটি ধসে পড়লে পথচারী সাইফুলের মৃত্যু হয়।

বায়েজিদ থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আবদুল্লাহ প্রথম আলোকে জানান, সাইফুল ইসলামের (২৬) বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায়। তিনি চট্টগ্রামের বায়েজিদ এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তাঁর বাবার নাম বাবুল মিয়া। এখানকার একটি কারখানায় শ্রমিকের কাজ করতেন সাইফুল।

কয়েক মাস আগে তিনি বিয়ে করেছেন। বর্তমানে মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। চিকিৎসকের পরামর্শে মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হবে।