
সাবেক সচিব কবির বিন আনোয়ারের উপস্থিতিতে নাটোরে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে চেয়ার-ছোড়াছুড়ি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুরে শহরের কান্দিভিটুয়ায় জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়কে ‘স্মার্ট কার্যালয়’ হিসেবে উদ্বোধনের পরপরই এ ঘটনা ঘটে। অবসর নেওয়ার পর কবির বিন আনোয়ার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়েছেন।
আধা ঘণ্টা ধরে পাল্টাল্টি ধাওয়ায় আওয়ামী লীগের অজ্ঞাতনামা এক নারী কর্মীসহ মোট চারজন আহত হন। তাঁরা হলেন সদর উপজেলার পণ্ডিতগ্রামের তামিম হোসেন (১৮), নবীনগরের মাসুদ হোসেন (৪৪) ও বড়াইগ্রাম উপজেলার পূর্ণকলস গ্রামের নাহিদ হোসেন (২০)। তাঁরা নাটোর সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এ ঘটনার জন্য নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম ওরফে রমজান পরস্পরকে দোষারোপ করেছেন।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে দুপুর ১২টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আসেন কবির বিন আনোয়ার। তিনি কার্যালয়ের একটি কক্ষে কয়েকটি কম্পিউটার স্থাপনের মধ্য দিয়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়কে ‘স্মার্ট কার্যালয়’ ঘোষণা দেন। পরে সেখান থেকে বের হয়ে তিনি মতবিনিময় সভায় বক্তব্য দিতে শুরু করলে দর্শক সারিতে হঠাৎ চেয়ার-ছোড়াছুড়ি শুরু হয়। এ সময় তাঁদের মধ্যে একটি পক্ষ ‘শিমুল ভাই, শিমুল ভাই’ এবং অন্য পক্ষ ‘রমজান ভাই, রমজান ভাই’ বলে স্লোগান দিতে থাকে। কয়েক মিনিটের মধ্যে সেখানে হাঁসুয়া, হাতুড়ি ও লাঠিসোঁটা নিয়ে কিছু যুবককে ঘোরাঘুরি করতে দেখা যায়। পাল্টাপাল্টি ধাওয়া ও এলোপাতাড়ি চেয়ার-ছোড়াছুড়ি ব্যাপক আকার ধারণ করলে নেতা-কর্মীরা নিরাপদে সরে যান। প্রায় আধা ঘণ্টা পাল্টাপাল্টি ধাওয়া চলার পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, পরিস্থিতি শান্ত হলে সভাস্থলে নতুন করে চেয়ার বিছানো হয়। এ সময় মঞ্চে কবির বিন আনোয়ার মাইক নিয়ে নেতা-কর্মীদের বারবার শান্ত হওয়ার অনুরোধ করছিলেন। দুপুর সাড়ে ১২টার পর আবার মতবিনিময় সভা শুরু হয়। সঞ্চালক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সরাসরি কবির বিন আনোয়ারকে বক্তব্য দেওয়ার অনুরোধ করেন।
বক্তব্যের শুরুতে কবির বিন আনোয়ার বলেন, ‘স্মার্ট কার্যালয় উদ্বোধনের পরপরই দুটি পক্ষের মধ্যে চেয়ার-ছোড়াছুড়ি ও হাতাহাতির যে ঘটনা দেখলাম, তা অমার্জনীয়। আমি নতুন দায়িত্ব নিয়েছি, ক্ষমা করে দিচ্ছি। কিন্তু এ ঘটনার রিপোর্ট আমি সভাপতির কাছে পেশ করব।’ তিনি আরও বলেন, দলের নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনা। দলের চেয়ে কেউ বড় নয়। কোনো নেতার হয়ে কেউ সন্ত্রাস করে পার পাবে না। যাঁরা তাঁদের নেতৃত্ব দেবেন, তাঁরাও পার পাবেন না। আজ থেকে এই কার্যালয় স্মার্ট হয়েছে। এখানে এখন সব সময় সিসি ক্যামেরা সচল থাকবে। ভবিষ্যতে কেউ বিশৃঙ্খলা করলে ছবি দেখে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
হাতাহাতির বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, একসময় যাঁরা বিএনপি নেতা দুলুর সঙ্গে ঘুরতেন, তাঁরাই এখন সংসদ সদস্য শফিকুল ইসলামের সঙ্গে ঘোরেন। ওই দুর্বৃত্তরাই আজকের সভায় চেয়ার-ছোড়াছুড়ি ও ধাক্কাধাক্কি করে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। অনুষ্ঠানের প্রধান অতিথি সবকিছু নিজে চোখে দেখেছেন।
তবে অভিযোগ অস্বীকার করে সংসদ সদস্য শফিকুল ইসলাম বলেন, ‘যাঁরা চেয়ার-ছোড়াছুড়ি করেছেন, তাঁদের আমি চিনিই না। তাঁরা কেউ আওয়ামী লীগ করেন না। তবে তাঁদের আমি শরিফুল ইসলামের সঙ্গে চলাফেরা করতে দেখেছি। তাঁরা পরিকল্পিতভাবে আজকের সভা ভন্ডুল করার চেষ্টা করেছেন। আমি নিজে তাঁদের প্রতিহত করেছি। সভাস্থল থেকে বের করে দিয়ে প্রিয় নেতা কবির বিন আনোয়ারকে বক্তব্য দেওয়ার ব্যবস্থা করেছি।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহম্মেদ বলেন, এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে দলীয়ভাবে ঘটনার পর কোনো পক্ষ যদি আইনশৃঙ্খলা নষ্টের চেষ্টা করে, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।