মানিকগঞ্জে স্ত্রী হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মানিকগঞ্জ জেলার মানচিত্র
মানিকগঞ্জ জেলার মানচিত্র

স্ত্রীকে হত্যার দায়ে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় তরিকুল ইসলাম ওরফে তারেক (২৮) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। সেই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। আজ বুধবার দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমদ্দার এই সাজা দেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তরিকুলের বাড়ি উপজেলার খাসের চর গ্রামে। তিনি ওই গ্রামের আজমত আলীর ছেলে। রায় ঘোষণার সময় তরিকুল আদালতের এজলাসে উপস্থিত ছিলেন।

মামলার এজাহার এবং আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৭ সালে উপজেলার কাঞ্চননগর গ্রামের বাদশা দেওয়ানের মেয়ে বৃষ্টি আক্তারকে বিয়ে করেন তরিকুল ইসলাম। বিয়ের পর থেকেই তরিকুল তাঁর স্ত্রীকে নিয়ে বিভিন্ন জায়গায় ভাড়া বাসায় বসবাস করতেন। স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে যন্ত্রণা দিতেন। ২০২০ সালের ৭ মার্চ সকালে স্বামী-স্ত্রীর মধ্যে কথা–কাটাকাটির একপর্যায়ে তরিকুল গাছের ডাল দিয়ে তাঁর স্ত্রী বৃষ্টির মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই বৃষ্টির মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত বৃষ্টির মা রাহিমা বেগম বাদী হয়ে তরিকুলকে আসামি করে সিঙ্গাইর থানায় একটি হত্যা মামলা করেন। এর পর ২০২০ সালের ২৭ জুন মামলার তদন্ত কর্মকর্তা ও সিঙ্গাইর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন আসামি তরিকুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। এ মামলায় ১২ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন জেলা দায়রা ও জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবদুস সালাম এবং আসামিপক্ষে ছিলেন আইনজীবী সাইফুল ইসলাম ওরফে শহিদ। আবদুস সালাম বলেন, সাক্ষীদের সাক্ষ্য এবং তথ্য-উপাত্ত পর্যালোচনায় আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ বিচারক তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।