কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। তাঁর নাম মো. রাহাদ (১৮)। তিনি ঢাকার কামরাঙ্গীরচর থানার আলহেরা কমিউনিটি সেন্টার এলাকার আলী আকবরের ছেলে। আজ সোমবার দুপুরে সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মাঝামাঝি ডিভাইন রিসোর্টসংলগ্ন এলাকায় তিনি নিখোঁজ হন।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বলেন, আজ সকালে খালার পরিবারের সদস্যদের সঙ্গে রাহাদ কক্সবাজারে বেড়াতে আসেন। তাঁরা কলাতলী এলাকার একটি রিসোর্টে ওঠেন। বেলা ১১টার দিকে রাহাদ খালাতো ভাইবোনদের নিয়ে সাগরে গোসল করতে নামেন। এ সময় বড় একটি ঢেউয়ের ধাক্কায় চারজন ভেসে যেতে থাকেন। তিনজনকে জীবিত উদ্ধার করা গেলেও রাহাদ নিখোঁজ হন।
সৈকতে পর্যটকদের নিরাপত্তার দায়িত্বে থাকা জেলা প্রশাসনের বিচকর্মী মাহাবুব আলম বলেন, তাঁরা তিনজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেছেন। নিখোঁজ তরুণের সন্ধানে লাইফ গার্ডের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।