কুষ্টিয়ায় গভীর রাতে কৃষককে কুপিয়ে হত্যা

মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় রবিউল ইসলাম (৪৮) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার দিবাগত রাত দুইটার দিকে মিরপুর উপজেলার নওদা খাদিমপুর এলাকায় তাঁর নিজের বাড়িতে এ ঘটনা ঘটে।

রবিউল ইসলাম নওদা খাদিমপুর এলাকার মৃত মুক্তার বিশ্বাসের ছেলে। পুলিশ সুরতহাল শেষে লাশটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রাতে খাওয়াদাওয়া শেষ করে নিজ ঘরে যান রবিউল ইসলাম ও তাঁর স্ত্রী। ঘরের দরজা ভেজানো ছিল। রাত দেড়টার দিকে তাঁর স্ত্রীর ঘুম ভাঙলে দেখেন, ঘরের মেঝেতে রবিউল ইসলামের রক্তাক্ত লাশ পড়ে আছে।

মিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আবদুল খালেক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় রবিউল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা হত্যা করেছে, সেটা এ মুহূর্তে জানা যাচ্ছে না। পুলিশ কাজ করছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে।