
গাজীপুরের শ্রীপুরে অচেতন অবস্থায় উদ্ধার হওয়া মো. রুবেল (৩০) নামের এক রোহিঙ্গা যুবককে কক্সবাজারের উখিয়ার কুতুপালং পুলিশ ক্যাম্পে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে শ্রীপুর থানা-পুলিশ রুবেলকে উখিয়ায় পাঠায়। এর আগে গত সোমবার রাত ১১টার দিকে উপজেলার গোলাঘাট গ্রামে রাস্তার পাশ থেকে অচেতন অবস্থায় ওই রোহিঙ্গা যুবককে উদ্ধার করেন স্থানীয় লোকজন।
শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। রুবেলের বাড়ি মিয়ানমারের রাখাইন রাজ্যে। তবে তিনি বর্তমানে উখিয়ার রোহিঙ্গা শিবিরে বাস করেন।
গোলাঘাট গ্রামের মো. মোশারফ হোসেন প্রথম আলোকে বলেন, সোমবার রাতে রাস্তার পাশে অজ্ঞাতনামা এক যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে রাতেই ওই যুবককে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার কিছুক্ষণের মধ্যে যুবক কথা বলতে শুরু করেন।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোহিঙ্গা যুবক রুবেলের একটি ভিডিও প্রথম আলোর কাছে এসেছে। ওই যুবক তাঁর আঞ্চলিক ভাষায় কিছুটা অস্পষ্টভাবে কথা বলছিলেন। ওই ভিডিওতে রুবেল বলেন, তাঁর বাড়ি মিয়ানমারের রাখাইন রাজ্যে। তবে সেখানে তাঁর মা–বাবা ও পরিবারের অন্যান্য সবাইকে মেরে ফেলা হয়েছে। এরপর তিনি এলাকার লোকজনের সঙ্গে বাংলাদেশে চলে আসেন। বর্তমানে তিনি উখিয়া রোহিঙ্গা শিবিরে বাস করেন।
ওই ভিডিওতে রুবেল দাবি করেন, কাঁচামালবোঝাই একটি ট্রাকের লোড-আনলোড কর্মী হিসেবে তিনি নূর মোহাম্মদ, শরীফ ও সবুজ নামের তিনজন ব্যক্তির সঙ্গে গাজীপুরে আসেন। ট্রাকটি গাজীপুরের শ্রীপুরের বরমীর দিকে যাচ্ছিল। পথে তাঁকে জোরপূর্বক কোনো কিছুর গন্ধ শুঁকিয়ে অচেতন করা হয়। ট্রাকটি কোথায় থেকে এসেছে কিংবা তিনি ওই ট্রাকের স্থায়ী কর্মী কি না, এ ধরনের কোনো তথ্য রুবেল জানাতে পারছিলেন না। শারীরিক দুর্বলতায় তাঁর কথা জড়িয়ে আসছিল।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রণয় ভুষণ দাস প্রথম আলোকে বলেন, অচেতন অবস্থায় এক যুবককে গত সোমবার রাতে হাসপাতালে নিয়ে আসা হয়। এখানে চিকিৎসা দেওয়ার পর ওই যুবকের জ্ঞান ফিরলে তিনি নিজেকে রোহিঙ্গা বলে দাবি করেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আজিজুর রহমান বুধবার সকালে প্রথম আলোকে বলেন, হাসপাতাল থেকে খবর পেয়ে রুবেল নামের ওই রোহিঙ্গা যুবককে পুলিশি হেফাজতে নেওয়া হয়। পরে গতকাল বিকেলে তাঁকে উখিয়ায় কুতুপালং পুলিশ ক্যাম্পে পাঠানো হয়। সেখানে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।