আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিপুল ঘোষের বক্তব্যের ক্ষোভ ও নিন্দা জানিয়েছে ফরিদপুর জেলা আওয়ামী লীগ। এ ছাড়া তাঁর ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নিতে কেন্দ্রের কাছে সুপারিশসহ ‘নিন্দা প্রস্তাব’ পাঠাবে ফরিদপুর জেলা আওয়ামী লীগ। আগামীকাল মঙ্গলবার জেলা আওয়ামী লীগের সুপারিশসহ ‘নিন্দা প্রস্তাব’ কেন্দ্রীয় নেতাদের কাছে পাঠানোর কথা রয়েছে।
গতকাল রোববার রাতে জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ওই নিন্দা প্রস্তাবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক আজ সোমবার স্বাক্ষর করেছেন।
জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, ফরিদপুর আওয়ামী লীগের সভাপতি শামীম হককে নিয়ে গতকাল প্রকাশ্যে বিপুল ঘোষ যে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন, তাতে ফরিদপুর জেলা আওয়ামী লীগ বিস্মিত ও মর্মাহত। ফরিদপুর জেলা আওয়ামী লীগ এমন রুচিহীন, কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানায়। তাই তাঁর বিরুদ্ধে কেন্দ্রীয়ভাবে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানোর সিদ্ধান্ত হয় ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির গতকালের জরুরি সভায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সৈয়দ আলী আশরাফ সোমবার রাতে প্রথম আলোকে বলেন, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত শহরের থানা রোডের জেলা আওয়ামী লীগের অফিসে জেলার নির্বাহী কমিটির জরুরি সভা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।
সৈয়দ আলী আশরাফ বলেন, সভায় গতকাল বিকেলে এক জনসভায় দেওয়া বিপুল ঘোষের কুরুচিপূর্ণ বক্তব্য নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে বিপুল ঘোষের বক্তব্যের নিন্দা প্রস্তাব নেওয়া হয় এবং কেন্দ্রীয় নেতাদের কাছে কেন্দ্রীয়ভাবে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানোর সিদ্ধান্ত হয়।
আলী আশরাফ আরও বলেন, ২৩ মে পৌর আওয়ামী লীগ ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন করেছে। ওই সম্মেলনের ব্যানারে বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম থাকলেও তাঁদের কোনোভাবে আমন্ত্রণ জানানো হয়নি। এই ধৃষ্টতাপূর্ণ ও অসাংগঠনিক আচরণের জন্য জেলা আওয়ামী লীগের ওই সভায় ফরিদপুর পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান ও যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।