
ছুটির দিনে দুই বন্ধু রাকিবুল আকন্দ (২০) ও মো. ইনজামুল শেখ (২১) মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। রাকিবুলের একটি পুরোনো মোটরসাইকেল আছে। তবে সেটি না নিয়ে নাঈম নামের আরেক বন্ধুর কাছ থেকে নতুন একটি মোটরসাইকেল ধার করে এনেছিলেন রাকিবুল। মোটরসাইকেলে ঘুরতে বের হওয়াই যেন কাল হলো তাঁদের জন্য। একপর্যায়ে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই দুই তরুণের মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার বিকেল পৌনে পাঁচটার দিকে ফরিদপুর শহরের আঙ্গিনা সেতুতে এ দুর্ঘটনা ঘটে। দুই পরিবারেই এখন শোকের ছায়া নেমে এসেছে। ইনজামুল শেখ ফরিদপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বৈঠাখালী গ্রামের বাসিন্দা এলাহী শেখ ও ফরিদা বেগম দম্পতির একমাত্র ছেলে। ইনজামুলের দুই বোন আছে। নিহত রাকিবুল মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট কালীবাড়ি এলাকার মৃত নূরুজ্জামান আকন্দের ছেলে। রাকিবুল তাঁর মা হেনা বেগমের সঙ্গে ফরিদপুর পৌরসভার নয় নম্বর ওয়ার্ডে একটি ভাড়া বাড়িতে থাকতেন। রাকিবুল তাঁর মা-বাবার একমাত্র সন্তান।
আজ সকাল ৮টার দিকে শহর থেকে আনুমানিক আট কিলোমিটার দূরে বৈঠাখালী গ্রামে গিয়ে কথা হয় ইনজামুলের পরিবারের সঙ্গে। ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে অঝরে কাঁদছেন ইনজামুলের মা ও বাবা। ইনজামুলের বাবা এলাহী শেখ মাহিন্দ্রাচালক। মা ফরিদা বেগম ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে মাস্টাররোলে আয়ার কাজ করেন। ইনজামুল ফরিদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) থেকে নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। এরপর চাকরি পেয়ে যাওয়ায় ইনজামুল আর পড়াশোনা করেননি। ফরিদপুর শহরের আলফা ইনস্যুরেন্স কোম্পানিতে ইনজামুল চাকরি করতেন। মাসিক বেতন ছিল সাড়ে সাত হাজার টাকা।
চাকরি করে ইনজামুল পরিবারের স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনার স্বপ্ন দেখতেন। চার কক্ষবিশিষ্ট একটি পাকা বাড়ি নির্মাণের কাজও শুরু করেছিলেন। বাড়িটি এখনো থাকার উপযোগী নয়। ঘরের মেঝে ঢালাই দেওয়া হয়নি। জানালা-দরজাও নেই। তবে ইনজামুল সেখানেই থাকতেন।
ইনজামুলের বড় বোন ঈষিতা বলেন, তাঁর ভাই গোপনে পাসপোর্ট করেছিলেন। ইচ্ছা ছিল বিদেশে গিয়ে কাজ করবেন। কিন্তু সেই স্বপ্ন তো আর পূরণ হলো না। কাঁদতে কাঁদতে ইনজামুলের মা ফরিদা বেগমের কণ্ঠস্বর ভেঙে গেছে। কাঁদো কাঁদো কণ্ঠেই বললেন, ‘আমার বাবার কী হইল। তোমরা আমার সোনারে আইনা দাও।’ ইনজামুলের বাবা এলাহী শেখ মাটিতে বসে গড়াগড়ি দিয়ে কেঁদে যাচ্ছিলেন। কিন্তু প্রতিবেশী কিংবা স্বজন কারও সঙ্গে কথা বলছিলেন না তিনি।
গতকাল রাত ১০টার দিকে বাড়ির আঙিনায় জানাজা শেষে স্থানীয় কোমরপুর কবরস্থানে ইনজামুলের লাশ দাফন করা হয়েছে।
রাকিবুলের যখন এক বছর বয়স তখন তাঁর বাবা মারা যান। তখন থেকে একমাত্র ছেলেকে নিয়ে মা হেনা বেগমের সংগ্রাম শুরু। জীবিকার সন্ধানে ১৫ বছর আগে তিনি ছেলেকে নিয়ে চলে আসেন ফরিদপুর শহরে। থাকতেন ভাড়া বাড়িতে। এখন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের একটি টিনের ঘরে ভাড়া থাকেন। মাসিক ভাড়া দেড় হাজার টাকা।
আজ সকাল ৯টার দিকে ওই বাড়িতে গিয়ে জানা গেল, গতকাল রাতেই হেনা বেগম তাঁর ছেলের লাশ নিয়ে গ্রামের বাড়িতে চলে গেছেন। ওই এলাকার বাসিন্দা ফজিলাতিুন্নেসা বেগম বলেন, হেনা বেগম একটি কারখানায় কাজ করতেন। আর রাকিবুল রাজমিস্ত্রির জোগালি হিসেবে কাজ করতেন। শুক্রবার মা-ছেলে দুজনেরই ছুটি ছিল। সারা দুপুর বাড়িতেই ছিলেন রাকিবুল। বিকেল চারটার দিকে বাইরে বের হন। এরপরই তাঁরা দুর্ঘটনায় রাকিবুলের মৃত্যুর ঘটনা জানতে পারেন।
প্রতিবেশীদের কাছ থেকে হেনা বেগমের মুঠোফোন নম্বর নিয়ে ফোন করা হলে রাকিবুলের খালা সীমা বেগমের সঙ্গে কথা হয়। তিনি বলেন, ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার হাজরাহাটি মহল্লা কবরস্থানে আজ সকাল ১০টার দিকে রাকিবুলের লাশ দাফন করা হয়েছে। এখানে রাকিবুলের মা তাঁর বড় বোন বিলকিস বেগমের বাড়িতে আছেন।
দীর্ঘশ্বাস ফেলে সীমা বেগম বলেন, ‘হেনার জীবনে আর কিছুই থাকল না। ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন ছিল তাঁর। এ জন্য স্বামীর মৃত্যুর পর আর বিয়েও করেননি। হেনা যে কীভাবে বাঁচবেন, তা ভেবে কূলকিনারা পাচ্ছি না। সব শেষ হয়ে গেল।’
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, দুই পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত দুই তরুণের পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে।