২৪ লাখ টাকা নিয়ে পালিয়েছিলেন দোকানের কর্মচারী, যেভাবে গ্রেপ্তার

খুলনা থেকে নগদ টাকাসহ গ্রেপ্তার করা হয় দোকানের কর্মচারী মো. আলীকে
ছবি: পৃলিশের সৌজন্যে।

এক সপ্তাহ আগে ব্যাংক থেকে প্রতিষ্ঠানের ২৪ লাখ টাকা তুলে পালিয়েছিলেন এক দোকান কর্মচারী। তাঁর নাম মো. আলী। কিন্তু শেষ রক্ষা হয়নি। মঙ্গলবার খুলনার সোনাডাঙ্গা থানার শিববাড়ী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, দোকানের টাকা নিয়ে অভিযুক্ত কর্মচারী মো. আলী খুলনা চলে গিয়েছিলেন। সেখান থেকে প্রযুক্তির মাধ্যমে তাঁর উপস্থিতি শনাক্ত করা হয়। এরপর টাকাসহ গ্রেপ্তার করা হয় তাঁকে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান প্রথম আলোকে বলেন, মো. আলী বাকলিয়ার চাক্তাই এলাকার মদিনা স্টোর নামের এক দোকানের কর্মচারী ছিলেন। আট বছর ধরে ওই দোকানে চাকরি করেছেন তিনি। গত ২৩ ফেব্রুয়ারি কৃষি ব্যাংকের চাক্তাই শাখা থেকে ২৪ লাখ টাকা চেকের মাধ্যমে উত্তোলন করেন ইসলামী ব্যাংকের একটি শাখায় জমা দেওয়ার কথা ছিল। কৃষি ব্যাংক থেকে টাকা তোলার জন্য কর্মচারী আলীর সঙ্গে গিয়েছিলেন দোকানমালিকের ভাই মো. জসিম।

বাকলিয়া থানার ওসি আরও বলেন, কৃষি ব্যাংক থেকে টাকা তোলার পর আলী দোকানমালিকের ভাই জসিমকে বলেন টাকাগুলো গুনে তিনি নিয়ে আসবেন। তিনি জসিমকে ইসলামী ব্যাংক চাক্তাই শাখায় চলে যেতে বলেন। দোকানমালিকের ভাই সেখানে গেলেও টাকা জমা দিতে যাননি কর্মচারী আলী। অনেক খোঁজাখুঁজি করে তাঁকে না পেয়ে এই ঘটনায় বাকলিয়া থানায় মামলা করা হয়।

বাকলিয়া থানার এসআই মোবারক হোসেন জানান, পুলিশ দোকান কর্মচারী আলীর অবস্থান শনাক্ত করে খুলনায়। পরে মঙ্গলবার সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে উদ্ধার করা হয় ২২ লাখ ৯৬ হাজার টাকা।