
গাজীপুরের টঙ্গীতে ট্রেনের ধাক্কায় এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে টঙ্গী রেলজংশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে। নিহত ওই পুলিশ সদস্যের নাম মো. আবদুল বাতেন। তাঁর গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহাদাতপুর থানায়। তিনি বর্তমানে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও সহকর্মী সূত্রে জানা যায়, আবদুল বাতেন প্রতিদিনের মতো আজ সকাল থেকে টঙ্গী রেলজংশনে দায়িত্ব পালন করছিলেন। সকাল ১০টার দিকে দাঁড়িয়ে ছিলেন জংশনের ২ নম্বর প্ল্যাটফর্মে। এর মধ্যে হঠাৎ পেছন দিক থেকে আসা সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে ধাক্কা লেগে রেললাইনের ওপর পড়ে যান তিনি। এ সময় ট্রেনের চাকায় তাঁর হাত, পা ও শরীরের একাংশ থেঁতলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাফিস মজিদ প্রথম আলোকে বলেন, স্থানীয় লোকজন আবদুল বাতেনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। তাঁর শরীরের বাঁ পাশের হাত, পা ও বুকের একাংশ থেঁতলে যায়। অবস্থা খারাপ দেখে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয় কিন্তু ১০ মিনিটের মধ্যেই মারা যান তিনি।
টঙ্গী পুলিশ ফাঁড়ির কনস্টেবল সহকর্মী আরিফুল ইসলাম বলেন, আবদুল বাতেন আজ সাদাপোশাকে রেলজংশনে দায়িত্ব পালন করছিলেন। তাঁর দায়িত্ব ছিল ২ নম্বর প্ল্যাটফর্ম খেয়াল রাখা। এর মধ্যেই হঠাৎ পেছন দিক থেকে আসা ঢাকামুখী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে ধাক্কা লেগে গুরুতর আহত হন তিনি। পরবর্তীকালে সেখানে উপস্থিত লোকজন তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান, কিন্তু তাঁকে বাঁচানো যায়নি।