অপহরণের পর অশ্লীল ভিডিও ধারণ করে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার-৩

সাভারের আশুলিয়া থেকে গ্রেপ্তার অপহরণ চক্রের ৩ জন
ছবি: সংগৃহীত

নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিতেন একটি অপহরণকারী চক্রের সদস্যরা। এ চক্রের সদস্যরা পূর্বনির্ধারিত ব্যক্তিকে কৌশলে অপহরণের পর তাঁর অশ্লীল ভিডিও ধারণ করতেন। পরে পরিবারের সদস্যদের কাছে মুক্তিপণ হিসেবে দাবি করতেন মোটা অঙ্কের টাকা। এমনই এক চক্রের মূল হোতাসহ ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৪।

গত মঙ্গলবার সাভারের আশুলিয়ার ধলপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন মায়া খাতুন (৩৭), শিমুল বিশ্বাস (৪৩) ও মো. মোক্তার শেখ (৫০)। তাঁদের সবার বাড়ি ঝিনাইদহ জেলায়। আজ বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান র‍্যাব-৪ সিপিসি-২–এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান।

বিজ্ঞপ্তির মাধ্যমে র‍্যাব জানায়, গত সোমবার দুপুরে নিজ বাসা থেকে আশুলিয়ার জিরাবো এলাকায় আত্মীয়ের বাসায় যাওয়ার উদ্দেশে রওনা দেন এক ব্যক্তি। পরে তাঁর ছেলে একাধিকবার তাঁর মুঠোফোনে কল করে যোগাযোগ করতে ব্যর্থ হন। পরে অন্য স্বজনদের সঙ্গে যোগাযোগ করেও ওই ব্যক্তির খোঁজ পাওয়া যাচ্ছিল না। ওই দিন সন্ধ্যায় তাঁর ছেলের কাছে মুক্তিপণের ফোন আসে। ছেলেকে বলা হয়, তাঁর বাবাকে আটকে রাখা হয়েছে এবং এক লাখ টাকা মুক্তিপণ দিলে তাঁকে ছেড়ে দেওয়া হবে। এ ছাড়া দ্রুত মুক্তিপণ না দিলে তাঁর বাবার অশ্লীল ও আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়। এ ঘটনায় রাতেই র‍্যাব-৪–এ অভিযোগ দেন ভুক্তভোগীর ছেলে।

ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করতে র‍্যাব-৪–এর একটি গোয়েন্দা দল তদন্ত শুরু করে। পরে তাঁরা মঙ্গলবার আশুলিয়ার ধলপুর এলাকায় অভিযান চালিয়ে এ চক্রের মূল হোতাসহ ৩ জনকে আটক ও ওই ব্যক্তিকে উদ্ধার করে। এ সময় তাঁদের কাছ থেকে ৬টি মুঠোফোনসহ নগদ টাকা উদ্ধার করা হয়।

র‍্যাব-৪ সিপিসি-২–এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান প্রথম আলোকে বলেন, এ চক্রের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিতেন। সামাজিক যোগাযোগমাধ্যম ও অচেনা মোবাইল নম্বরে পরিচয়ের সূত্র ধরে তাঁরা দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন। তাঁদের নামে অপহরণের মামলা হয়েছে আশুলিয়া থানায়।