আগরদাঁড়ি ইউপির চেয়ারম্যানসহ পাঁচ ব্যক্তি সাড়ে আট বিঘা কৃষিজমির মাটি ভাটায় বিক্রি করছেন। এতে রাস্তা ভেঙে পড়ার উপক্রম হয়েছে।

সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ি গ্রামে এক সপ্তাহ ধরে কৃষিজমির মাটি কেটে ইটভাটায় নেওয়া হচ্ছে। আগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ পাঁচ ব্যক্তি তাঁদের কৃষিজমির মাটি ভাটায় বিক্রি করছেন অভিযোগ করেছেন স্থানীয় লোকজন। কাঁচা রাস্তা ও বাইপাস সড়কের ওপর দিয়ে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত অর্ধশতাধিক পাওয়ার টিলারের পেছনে মাটিবহনের ট্রলি (স্থানীয় ভাষায় হল্লা গাড়ি) লাগিয়ে মাটি বহন করা হচ্ছে। এতে বাতাসে ধুলাবালু ছড়িয়ে এলাকায় চলাচল দুষ্কর হয়ে পড়েছে। এমনকি সড়কের ধার ঘেঁষে গভীর করে মাটি কাটার ফলে গ্রামের কাঁচা রাস্তা বর্ষায় ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর মাটির ব্যবহার নিয়ন্ত্রণ ও হ্রাসকরণ শীর্ষক ৫ ধারা অনুযায়ী, কোনো ব্যক্তি ইট প্রস্তুত করার উদ্দেশ্যে কৃষিজমি থেকে মাটি কাটা বা সংগ্রহ করে ইটের কাঁচামাল হিসেবে ব্যবহার করতে পারবেন না। যদি কোনো ব্যক্তি এই ধারা লঙ্ঘন করেন, তা হলে তিনি অনধিক দুই বছরের কারাদণ্ড বা অনধিক দুই লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। একই কাজ দ্বিতীয়বার করলে দায়ী ব্যক্তির ১০ লাখ টাকা জরিমানা ও ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত হবেন। এ ক্ষেত্রে এ কাজের সঙ্গে জড়িত জমির মালিক ও ইটভাটার মালিক উভয়ের জন্যই সমান শাস্তির বিধান রাখা হয়েছে।
সরেজমিন গত বুধবার দুপুরে আগরদাঁড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাইপাস সড়ক–সংলগ্ন নাটাতলা বিলে দেখা যায়, পাঁচটি এক্সকাভেটর দিয়ে রাস্তার পাশের কৃষিজমির মাটি কাটা হচ্ছে। খোঁজ নিয়ে জানা যায়, আগরদাঁড়ি ইউপির চেয়ারম্যান মো. কবির হোসেনের আড়াই বিঘা এবং স্থানীয় আবদুল বারীর দেড় বিঘাসহ পাঁচজনের সাড়ে আট বিঘা কৃষিজমির মাটি কাটা হচ্ছে। মাটি কেটে ট্রলি ভরাট করে সরু কাঁচা রাস্তার ওপর দিয়ে বাইপাস সড়ক হয়ে নিয়ে যাওয়া হচ্ছে একই এলাকার শুকুর আলীর এবিবি ভাটা, লিয়াকত হোসেনর বিবি ভাটা, জাফর আলীর এসবিএল ভাটা, ছিদ্দিক হাজীর গ্যারেজ ভাটাসহ বিভিন্ন ইটভাটায়।
শুকুর আলীর ভাটার কাছে একটি মুদিদোকানের সামনে কথা হয় সাতক্ষীরা শহরের কামালনগরের বাসিন্দা সাইফুল ইসলাম ও আজগর আলীর সঙ্গে। তাঁরা বলেন, হল্লা গাড়ি যেভাবে নাটাতলা বিলের মাটি ভাটায় নিয়ে যাচ্ছে, তাতে বাতাসে ধুলাবালু উড়ে এখানে বসে থাকাই দায়।
স্থানীয় কৃষক জামিরুল ইসলাম, আবদুল হান্নান, জিল্লুর রহমান বলেন, আগরদাঁড়ি ইউপির চেয়ারম্যান মো. কবির হোসেন একদিকে সরকারি অর্থায়নে কাঁচা রাস্তা সংস্কার করছেন, অন্যদিকে তিনিসহ কয়েকজন বোরো ধান কাটার পরপরই জমির মাটি বিক্রি করে দিয়েছেন কয়েকজন মাটি ব্যবসায়ীদের কাছে। কৃষিজমির মাটি কাটতে কাটতে এত গভীর করা হচ্ছে যে বর্তমানে বালু উঠছে। ওই জমির পাশ দিয়ে থাকা কাঁচা রাস্তা বর্ষা শুরুতেই ভেঙে পড়বে আশঙ্কা করা হচ্ছে। সাতক্ষীরার ব্যস্ততম বাইপাস সড়কের ওপর দিয়ে বহন করার সময় হল্লা গাড়ির মাটি পড়ায় একটু বৃষ্টিতে কাদা হয়ে একাকার হচ্ছে। সোমবার বিকেলে বৃষ্টিতে কয়েকটি মোটরসাইকেল পিছলে পড়ে দুর্ঘটনার শিকার হয়।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে আগরদাঁড়ি ইউপির চেয়ারম্যান মো. কবির হোসেন প্রথম আলোকে বলেন, তিনি ইউপি নির্বাচন করতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। ঋণ পরিশোধ করতে তিনি জমির মাটি বিক্রি করেছেন। কবীর হোসেন স্বীকার করেন, তিনিসহ কয়েকজন কৃষিজমির মাটি বিক্রি করে দেওয়ার পর মাটি ব্যবসায়ীরা যেভাবে গভীর করে মাটি কাটছেন এতে পাশের কাঁচা রাস্তা একটু-আধটু ক্ষতি হতে পারে। কবির হোসেন বলেন, যেহেতু মাটি বিক্রি নিয়ে প্রশ্ন উঠেছে, যত তাড়াতাড়ি পারেন মাটি কাটা বন্ধ করে দেবেন।
জানতে চাইলে পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক মো. শরিফুল ইসলাম বলেন, এসব ভাটা এলাকায় কৃষিজমির মাটি কাটা বন্ধে ইতিপূর্বে সাইনবোর্ড লাগানো ছিল। যাচাই করে দ্রুত ব্যবস্থা নেবেন।
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা বলেন, কৃষিজমি থেকে মাটি কেটে কেউ ভাটায় নিতে পারবেন না। বিষয়টি নিয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ভালো হয়। তবে তিনি খোঁজখবর নিয়ে এ ব্যাপারে পদক্ষেপ নেবেন।