
কুমিল্লার দাউদকান্দি উপজেলার শহীদনগরে আজ বুধবার বেলা দুইটার দিকে একটি যাত্রীবাহী বাস একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ওই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী এক স্কুলছাত্র নিহত হয়েছে।
নিহত ওই স্কুলছাত্রের নাম মো. নিহাদ (১০)। সে কুমিল্লার হোমনা উপজেলার কাশিপুর ইউনিয়নের শিবপুর গ্রামের মুজাম্মেল হকের ছেলে।
নিহাদের পারিবারিক সূত্র জানায়, নিহাদ দাউদকান্দির দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। সে তার মামা ইসমাইল ভূঁইয়ার বাড়িতে থেকে লেখাপড়া করত। আজ দুপুরে মামা ইসমাইল ভূঁইয়া, মামি জান্নাত আক্তার, মামির বোন তাহমিনা আক্তারের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশায় করে দুর্গাপুর থেকে চিকিৎসা নিতে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার জন্য রওনা দেয় সে। ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির শহীদনগরে পৌঁছালে ঢাকা থেকে চাঁদপুরের কচুয়াগামী একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়।
এতে অটোরিকশার যাত্রী স্কুলছাত্র নিহাদ ঘটনাস্থলেই মারা যায় এবং নিহাদের মামির বোন তাহমিনা আক্তার গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা নিহাদের লাশ ও তাহমিনা আক্তারকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে চিকিৎসকের পরামর্শে তাহমিনা আক্তারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক মো.শিপন মিয়া বলেন, অটোরিকশাকে চাপা দেওয়া বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন। দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের অনুমতিতে স্বজনেরা নিহাদের লাশ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিয়ে গেছে।