
স্থানীয় সরকার নির্বাচনে দলের একক প্রার্থী বাছাইয়ে বিএনপির নেতা–কর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি নির্বাচনে দলের একক প্রার্থীর জন্য সবাইকে কাজ করতে বলেছেন তিনি।
আজ রোববার রাত নয়টার দিকে চট্টগ্রাম নগরের হোটেল র্যাডিসন ব্লু বে ভিউতে দলের নেতা–কর্মীদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে প্রধানমন্ত্রী এ কথা বলেন। বৈঠকে চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণের বিএনপি ও এর অঙ্গসংগঠনের ৬০০ নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সরকার গঠনের পর প্রথমবারের মতো চট্টগ্রামে নেতাদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী।
বৈঠকে উপস্থিত চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন রাতে প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রী দলের নেতা–কর্মীদের ভালোভাবে চলার জন্য বলেছেন। কেউ যাতে কোনো দখল–বেদখলে জড়িয়ে না পড়েন। অর্থাৎ যেসব কাজে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে তা থেকে দূরে থাকতে হবে। একই সঙ্গে দলের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বিরোধী দলসহ নানা ষড়যন্ত্র মোকাবিলার জন্য প্রস্তুত থাকার পরামর্শ দেন।
বেলায়েত হোসেন আরও বলেন, বিএনপি জনগণের সরকার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, জনগণের সঙ্গে নেতা–কর্মীদের সম্পর্ক ভালো রাখতে হবে। মানুষের কল্যাণে কাজ করতে হবে। মানুষের কাছে বিএনপি সরকারের ভালো উদ্যোগগুলো তুলে ধরতে হবে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে হার্টের রিংয়ের দাম কমানো ও ৬০টি পণ্যের দামও কমানোর বিষয়ে প্রচার করতে হবে।
বৈঠকে থাকা কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য রেজাউল করিম জানান, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা পেয়ে তাঁরা খুবই উচ্ছ্বসিত। মাঠপর্যায়ে তাঁরা কর্মীদের মধ্যে এই বাণী পৌঁছে দেবেন, যাতে তাঁরা ভালোভাবে চলেন। দলের ক্ষতি হয়, এমন কোনো কাজে না জড়ান।
বৈঠকে অন্যদের মধ্যে বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনসহ অনেকে।
এর আগে সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অবস্থিত আলট্রাসুপারক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন। এই বিদ্যুৎকেন্দ্র ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন। প্রধানমন্ত্রী বেলা ১১টা থেকে দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত প্রকল্পের সার্বিক কার্যক্রম নিয়ে বিস্তারিত ব্রিফিং গ্রহণ করেন। এ সময় প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁকে বিদ্যুৎকেন্দ্রের বর্তমান অবস্থা, বিদ্যুৎ উৎপাদন ও পরিচালন কার্যক্রম, উৎপাদন সক্ষমতা, জ্বালানি সরবরাহ ও ব্যবস্থাপনা, প্ল্যান্টের পরিচালন দক্ষতা, রক্ষণাবেক্ষণ, নিরাপত্তাব্যবস্থা এবং সংশ্লিষ্ট অবকাঠামো সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।
মহেশখালী থেকে হেলিকপ্টারে বাঁশখালীর বাহারছড়াতে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে ১০০টি অসচ্ছল পরিবারকে নতুন ঘরের চাবি হস্তান্তর করা হয়। চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১৮ ফুট দৈর্ঘ্য ও ১২ ফুট প্রস্থের প্রতিটি ঘরে দুটি কক্ষ ও পাঁচ ফুট বাই পাঁচ ফুটের একটি সংযুক্ত শৌচাগার রয়েছে। উপকূলীয় অঞ্চলের প্রাকৃতিক দুর্যোগ বিবেচনায় ঘর তৈরিতে আরসিসি পিলার, কাঠ ও টিন ব্যবহার করা হয়েছে। চাবি হস্তান্তর অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১৫ জন প্রতিবন্ধী ব্যক্তি ও শিশুকে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয় এবং জেলা প্রশাসনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত আরও ২০০টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
বাঁশখালী থেকে ফটিকছড়িতে হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করে তাঁর দোয়া চান। পরে হেফাজতের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেখান থেকে হাটহাজারীতে হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফী ও আল্লামা জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করেন। এরপর হাটহাজারী সরকারি কলেজ মাঠে বক্তব্য দেন প্রধানমন্ত্রী।