ছোট ভাইকে নিয়ে এসএসসি পরীক্ষাকেন্দ্রে যাওয়ার সময় দুর্ঘটনায় তরুণ নিহত

ইকবাল হোসেন (১৯)
ছবি: সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইটাখোলা এলাকায় ট্রাকের চাপায় এক তরুণ মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছে তাঁর ছোট ভাই। মোটরসাইকেলে করে ছোট ভাইকে এসএসসির পরীক্ষাকেন্দ্রে নিয়ে যাওয়ার সময় তাঁরা দুর্ঘটনার শিকার হন।

আজ মঙ্গলবার সকাল সোয়া নয়টার দিকে ঢাকা-আমিরাবাদ-কচুয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত তরুণের নাম ইকবাল হোসেন (১৯)। তিনি বরকোটা স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। তাঁর ছোট ভাই ইমরান হোসেন (১৭) আনন্দ মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজের ছাত্র। তাঁরা উপজেলার গৌরীপুর গ্রামের ইমান আলীর ছেলে।
আহত ইমরান হোসেনকে প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

থানা–পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ইকবাল মোটরসাইকেলে করে ছোট ভাই ইমরানকে তার পরীক্ষাকেন্দ্র বরকোটা স্কুল অ্যান্ড কলেজে পৌঁছে দেওয়ার জন্য বাড়ি থেকে রওনা দেন। তাঁদের মোটরসাইকেলটি সড়কের ইটাখোলা এলাকায় পৌঁছালে কচুয়াগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে পেছন দিক থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক ইকবাল হোসেন মারা যান এবং ইমরান হোসেন গুরুতর আহত হয়। এরপর স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. ওয়াহিদুজ্জামান বলেন, আহত ইমরানের পায়ে গুরুতর আঘাত রয়েছে।

এ বিষয়ে ইকবালের পরিবারের কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। বরকোটা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. জসিম উদ্দিন বলেন, নিহত ইকবাল হোসেন একজন মেধাবী ছাত্র ছিলেন। তাঁর মৃত্যুর খবর তাঁরা মেনে নিতে পারছেন না।

দাউদকান্দি মডেল থানার গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, তিনি দুর্ঘটনার খবর শুনে দ্রুত ঘটনাস্থলে যান। কিন্তু ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।