রংপুরে বাণিজ্যমন্ত্রী

জাপার কিছু নেতা বিএনপির চেয়েও আওয়ামী লীগের কড়া সমালোচনা করছেন

রংপুর সিটি নির্বাচনে জয়ী আওয়ামী লীগের কাউন্সিলদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। শনিবার বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে
ছবি: মঈনুল ইসলাম

জাতীয় পার্টির (জাপা) কোনো কোনো নেতা বিএনপির চেয়েও কড়া ভাষায় আওয়ামী লীগের সমালোচনা করছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ শনিবার বিকেলে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জয়ী আওয়ামী লীগের কাউন্সিলরদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে অনুষ্ঠানের আয়োজন করে মহানগর আওয়ামী লীগ।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমরা লক্ষ্য করছি, জাতীয় পার্টির কোনো কোনো নেতা বিএনপির চেয়েও কড়া ভাষায় আওয়ামী লীগের সমালোচনা করছেন। জানি না কেন তাঁরা এ রকম কথা বলছেন। আমি জানি না কেন? আমাদের আর বসে থাকলে চলবে না। যেখানে এই সিটটা (রংপুর-৩) নিতে হবে। দলের যৌথ প্রচেষ্টায় আমাদের এই সিটে নৌকার এমপি করতে হবে।’

টিপু মুনশি বলেন, ‘আমরা হয়তো রংপুর সিটি নির্বাচনে হেরেছি। তার মানে এই নয়, রংপুরে আমাদের ভোট নেই। আমাদের নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি না করে একটা টার্গেট নিয়ে কি এগোতে পারি না? আমরা এই শহরের সংসদ সদস্যের পদটা চাই। আমরা চেষ্টা করলে পারব না, এমন তো নয়?’

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘আমরা রংপুর শহরে এমপি পাচ্ছি না। যে কোনো কারণ কিংবা রাজনৈতিক কারণেই হোক, আমরা বরাবরই আন্ডারস্টান্ডিংয়ের (বোঝাপড়া) মধ্য দিয়ে জাতীয় পার্টিকে সিটটি ছেড়ে দিয়েছি।’ তিনি বলেন, ‘আমরা চিন্তা করতে পারি যে, এই সংসদীয় সিটটা আমরা কীভাবে পেতে পারি। আমাদের দলের সর্বস্তরের নেতা-কর্মীদের সমন্বয়ে চেষ্টা করতে হবে। মিলিতভাবে কাজ করতে হবে। যে অবস্থায় আমরা এসেছি, সেখান থেকেই চিন্তা করতে হবে।’

রংপুরের স্মৃতিচারণা করতে গিয়ে টিপু মুনশি বলেন, ‘রংপুর সংস্কৃতির দিক থেকে উন্নত জেলা। একটি বনেদি শহর। এই শহর থেকে আমি মুক্তিযুদ্ধে গিয়েছি। এই শহর থেকে মুক্তিযুদ্ধে প্রথম শহীদ হয়েছে রাজপথের মিছিলে। তাহলে কেন আমরা এই শহরকে আমাদের পক্ষে আনতে পারব না? মুক্তিযুদ্ধের পক্ষে আনতে পারব না? আপনারা ঘুরে দাঁড়াবেন। সম্মিলিত প্রচেষ্টায় আমাদের কাজ করে এগিয়ে যেতে হবে।’

এর আগে সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন। সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক দেলোয়ার হোসেন। যুগ্ম আহ্বায়ক আবুল কাশেমের সঞ্চালনে অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ বেগম, কোতোয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি তৌহিদুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রমজান আলী, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আসিফ প্রমুখ বক্তব্য দেন।