ভৈরবে ব্যবসায়ী আশিকুর হত্যায় গ্রেপ্তার আরও একজন

আশিকুর রহমান
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে ব্যবসায়ী আশিকুর রহমান (৩৮) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাইদুল ইসলাম (৩৫) নামের আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে পৌর শহরের কমলপুর গাছতলাঘাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সাইদুল উপজেলার শিবপুর ইউনিয়নের শিবপুর গ্রামের বাসিন্দা। থানা-পুলিশ জানায়, আশিকুর হত্যার সঙ্গে জড়িত সন্দেহে প্রথমে গ্রেপ্তার করা হয় সোহাগ মিয়া (৩০) নামের এক চিহ্নিত ডাকাতকে। সোহাগ ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা।

মামলাটি তদন্ত করছেন ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহ আলম মোল্লা। তিনি বলেন, সোহাগের বিষয়ে তাঁরা আদালতে রিমান্ড আবেদন করেছেন। এখনো শুনানি শুরু হয়নি। সোহাগকে রিমান্ডে পেলে আশিকুর হত্যার অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। এখন সাইদুল ইসলামকে তাঁরা গ্রেপ্তার করেছেন। এবার হত্যার বিষয়টি আরও স্পষ্ট হবে।

থানা-পুলিশ জানায়, আশিকুর রহমানের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার মহেষপুর ইউনিয়নের ঘাগুটিয়া গ্রামে। তিনি ডকইয়ার্ড ব্যবসার যুক্ত ছিলেন। ১৩ মে বিকেলে তিনি ব্যবসায়িক প্রয়োজনে নিকলীতে যান। রাত নয়টার দিকে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ভৈরবের বিসিক শিল্পনগরী এলাকায় সড়কের পাশ থেকে তাঁর লাশ পাওয়া যায়। এ ঘটনায় মঙ্গলবার আশিকুরের স্ত্রী স্বর্ণা বেগম বাদী হয়ে ভৈরব থানায় হত্যা মামলা করেন। গ্রেপ্তার সোহাগ পুলিশের কাছে জানিয়েছেন, ছিনতাইয়ের জন্য জাল ফেলে আশিকুরের মোটরসাইকেলের গতি রোধ করা হয়। পরে আশিকুরকে হত্যা করে লাশ ফেলে রেখে যান তাঁরা।