নিখোঁজের ১৬ ঘণ্টা পর নানাবাড়ির পাশের পুকুরে মিলল শিশুর লাশ

মৃতদেহ
প্রতীকী ছবি

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ১৬ ঘণ্টা নিখোঁজের পর নানাবাড়ির পাশের পুকুরে পাওয়া গেছে ৮ বছর বয়সী এক শিশুর লাশ। আজ বুধবার ভোরে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের জনার কেঁওচিয়ার মাস্টারবাড়ি এলাকার একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

লাশ উদ্ধার হওয়া শিশুটির নাম মোহাম্মদ মাঈনুদ্দিন আরাফাত। সে উপজেলার বাজালিয়া ইউনিয়নের মাহালিয়া এলাকার ওমানপ্রবাসী মোহাম্মদ আবদুল মান্নানের ছেলে। স্থানীয় নুরানি তালিমুল কুরআন মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল আরাফাত।

কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মো. কামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, মাঈনুদ্দিন আরাফাত কয়েক দিন আগে তার মায়ের সঙ্গে কেঁওচিয়ার জনার কেঁওচিয়ার মাস্টারবাড়ি এলাকায় নানাবাড়িতে বেড়াতে আসে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন স্বজনের বাড়িসহ আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও পাননি। পরে আজ ভোর সাড়ে পাঁচটার দিকে নানাবাড়ির পাশের একটি পুকুরে আরাফাতের লাশ দেখা যায়। লাশটি উদ্ধার করে স্বজনেরা বাজালিয়া ইউনিয়নের মাহালিয়া এলাকায় নিয়ে গেছেন।