মেঝের পলেস্তারা উঠে মাটি বের হয়ে গেছে। ছাউনির টিন ক্ষয়ে আকাশ দেখা যায়। ভেঙে গেছে চারপাশের বেড়া ও সিমেন্টের খুঁটি। বৃষ্টির পানি ঠেকাতে দেওয়া হয়েছে পলিথিনের ছাউনি। এমনই জরাজীর্ণ ও বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে পাবনা জেলা সদরের হিমাইতপুর আশ্রয়ণ (ব্যারাক) প্রকল্পের ঘর।
প্রায় দুই যুগ মেরামত না করায় আশ্রয়ণ প্রকল্পটির ঘর বেহাল হয়ে পড়েছে। তবে পুরোনো এই প্রকল্পের দিকে কারও নজর না থাকলেও পাশেই তৈরি করা হয়েছে নতুন আশ্রয়ণ প্রকল্প।
প্রকল্পের বাসিন্দা ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০০০-০১ অর্থবছরে ৩০০ ছিন্নমূল ও হতদরিদ্র পরিবারের জন্য হিমাইতপুর আশ্রয়ণ প্রকল্পটি (ব্যারাক) তৈরি করা হয়। বসবাস শুরু করে পরিবারগুলো। এরপর আর কোনো মেরামত করা হয়নি। ফলে দিনে দিনে নষ্ট হতে থাকে ঘরগুলো। মরিচা পড়ে ক্ষয়ে যায় টিন। ভাঙতে থাকে সিমেন্টের খুঁটিগুলো। বসবাসের অনুপযোগী হয়ে পড়ে প্রকল্পটি। টিকতে না পেরে শতাধিক পরিবার প্রকল্প ছেড়ে অন্যত্র চলে গেছে। বিকল্প কোনো আশ্রয় না থাকায় অন্যরা বাধ্য হয়ে এখানে বসবাস করছেন।
পাবনা মানসিক হাসপাতাল থেকে কিছু দূরে হিমাইতপুর আশ্রয়ণ (ব্যারাক) প্রকল্পের অবস্থান। গতকাল মঙ্গলবার দুপুরে গিয়ে দেখা যায়, বড় বড় টিনের ঘর। চারদিকে ঝোপজঙ্গল। লম্বা ঘরে টিনের বেড়া দিয়ে প্রতিটি পরিবারের জন্য রয়েছে পৃথক কক্ষ। তবে মরিচা পড়ে নষ্ট হয়ে গেছে ঘরের টিনের বেড়া ও চাল। কিছু ঘরে বেড়াও নেই। কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে কাঠামো। এসব ঘরে কোনো মানুষও নেই। বাকি জরাজীর্ণ ঘরে বাস করছে পরিবারগুলো।
প্রকল্পের সামনে পৌঁছাতেই ছুটে আসেন বেশ কয়েকজন নারী-পুরুষ। নানা অভিযোগের ডালি খুলে বসেন তাঁরা। সবার মুখে একই কথা, ‘হেনে আর থাকপের পারতেছিনে, নতুন ঘর উঠতেছে, কিন্তু পুরেন ঘরের দিক কারও নজর নাই। আমাগের জন্যি কিছু করেন।’
রহিমা খাতুন নামে এক নারী বলেন, ‘ছাওয়ালেক লিয়ে ভাঙা ঘরটার মধ্যি থাহি। বৃষ্টির সুময় পানিত ঘর ভাসে যায়। উঠে বসে থাহা লাগে।’
ইদ্রিস আলী নামে অপর এক বাসিন্দা জানান, পাশেই নতুন ঘর তৈরি হচ্ছে, কিন্তু নির্মাণের পর থেকে পুরোনো ঘরগুলো আর সংস্কার করা হয়নি। ফলে দিনে দিনে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। অনেকে নিজেরা কিছুটা মেরামত করে বসবাস করছেন। তবে সরকারি ঘর হওয়ার কারণে কেউ ভালোভাবে মেরামতও করতে পারছেন না। বাধ্য হয়ে তাঁদের ভাঙা ঘরেই থাকতে হচ্ছে।
প্রকল্পের সামনে ছোট্ট দোকান করে বসেছেন আঞ্জু হোসেন। তিনিও এই প্রকল্পে থাকতেন। সম্প্রতি পাশে তৈরি প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছেন। আঞ্জু হোসেন বলেন, ‘খুব কষ্টে ছিলেম। হেনে প্রতিডে মানুষ কষ্টে আছে। আমরা কয়জন নতুন ঘর পাইছি। কিন্তু বেশির ভাগ মানুষির কষ্ট থাকেই গেছে। ঘরগুলেন একটু মিরামত করে দিলিই ইরাও বাঁচত।’
আবদুল মালেক নামে অপর এক বাসিন্দা বলেন, তিনি ভাঙা ঘরেই সন্তানসহ পাঁচজন নিয়ে বসবাস করেন। টিনের চাল ভেঙে গেছে। পলিথিন দিয়ে কোনোমতে রোদ-বৃষ্টি আটকাচ্ছেন। ছেলেমেয়েদের কষ্টে দিন কাটছে। বিষয়টি তাঁকেও খুব কষ্ট দিচ্ছে।
হাফেজা খাতুন নামের এক বয়স্ক নারী বলেন, ‘আমাগের তিনকুলি কেই নাই। কুনুখানে যাওয়ার জাগা নাই। তাই হেনেই থাকতেছি। নতুন ঘর হতেছে, কিন্তু আমাগের দিক কারো নজর নাই। ঘরখেন ঠিক করে দিলিও তো ইটু শান্তিত থাকপের পারতেম।’
এ প্রসঙ্গে জানতে চাইলে হিমাইতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খান বলেন, গত বছর প্রধানমন্ত্রীর উপহারের আশ্রয়ণ প্রকল্পের ৪৫টি ঘর নির্মাণ করা হয়েছে। সেগুলো সুবিধাভোগীদের মধ্যে হস্তান্তর হয়ে গেছে। পুরোনো প্রকল্পটি সংস্কারের পরিকল্পনা রয়েছে। অর্থ বরাদ্দ না পাওয়ায় এখনো সংস্কার করা সম্ভব হয়নি।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিদা আক্তার বলেন, ‘হিমাইতপুরের এই ব্যারাক আশ্রয়ণ প্রকল্পটি অনেক পুরোনো। তবে আমরা এটি সংস্কারের জন্য উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যেই প্রকল্পটির সংস্কারে কী কী করতে হবে, তা নির্ধারণের কাজ চলছে। আশা করছি, দ্রুতই সংস্কারকাজ শুরু হবে।’