ভিজিএফের চাল নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল ২ নারীর

ট্রাক্টরের চাপায় নারীর মৃত্যুর পর স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেন। শনিবার নাটোরের লালপুর উপজেলার থান্দারপাড়া এলাকায় লালপুর-বিলমাড়িয়া সড়কে
ছবি: প্রথম আলো

ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল নিয়ে ব্যাটারিচালিত ভ্যানে করে বাড়ি ফেরার পথে ট্রাক্টরের ধাক্কায় দুই নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা একটার দিকে নাটোরের লালপুর উপজেলার থান্দারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই নারী হলেন আফিয়া বেগম (৬০) ও ইনজিরা খাতুন (৫০)। আফিয়া উপজেলার মোহরকয়া নতুনপাড়ার জলিল খামারুর স্ত্রী। আর ইনজিরা একই এলাকার ইনছার আলীর স্ত্রী।

আফিয়া বেগমের মেয়ে চায়না খাতুন বলেন, তাঁর অসুস্থ বাবা বাড়িতে শয্যাশায়ী। মা সরকারি-বেসরকারি সাহায্য নিয়ে পরিবারের হাল ধরে রেখেছিলেন। আজ ভিজিএফের চাল নিয়ে বাড়ি ফেরার পথে তাঁর মা মারা গেলেন। এখন তাঁদের পরিবার কীভাবে চলবে, তিনি বুঝতে পারছেন না।


স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদ থেকে ঈদের ভিজিএফ চাল নিয়ে হতদরিদ্র আফিয়া বেগম, ইনজিরা খাতুনসহ চার নারী ব্যাটারিচালিত ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। থান্দারপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক্টর ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে আফিয়া বেগম মারা যান। গুরুতর আহত ইনজিরা খাতুনকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ এসে তাঁদের সরিয়ে দিয়ে দুই ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক করে।

বিলমাড়িয়ার বাসিন্দা শিমুল হোসেন বলেন, ইটভাটার ট্রাক্টরগুলো অবৈধভাবে মাটি নিয়ে সড়কে দিনরাত বেপরোয়া চলাচল করে। এ কারণে ব্যস্ত এই সড়কে ছোট যানবাহনে চলাচল করা বিপজ্জনক হয়ে পড়েছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল হোসেন বলেন, দুর্ঘটনার পর ট্রাক্টরের চালক ও তাঁর সহকারীকে আটক করা হয়েছে। আর জব্দ করা হয়েছে ট্রাক্টরটি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।