পুলিশের ভয়ে অনেকটা পালিয়ে বেড়াচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা। যদিও পুলিশ বলছে, বিএনপির কোনো নেতা-কর্মীর বাড়িতে অভিযান চালানো হয়নি।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ডামাডোলের মধ্যে সেখানকার বিএনপি ও সহযোগী সংগঠনের অনেক নেতার বাড়িতে পুলিশি অভিযান ও তল্লাশি চালানোর অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে আতঙ্ক বিরাজ করছে গাজীপুর মহানগর বিএনপির মধ্যে। পুলিশের ভয়ে অনেকটা পালিয়ে বেড়াচ্ছেন নেতা–কর্মীরা। এই ধরনের তল্লাশির প্রশ্ন তুলেছেন তাঁরা।
গত বুধবার দিবাগত রাতে গাজীপুর মহানগর বিএনপির সদস্যসচিব শওকত হোসেন সরকারের বাড়িতে পুলিশ অভিযান চালায়। টের পেয়ে
আগেই বাড়ি থেকে অন্যত্র চলে যান শওকত। মহানগরের কাশিমপুর থানাধীন ওই বাড়িতে স্থাপন করা দুটি সিসি ক্যামেরায় ফুটেজে অভিযানের সত্যতা পাওয়া গেছে।
ফুটেজে দেখা যায়, নয়জন পুলিশ সদস্য শওকত হোসেনের বাড়িতে প্রবেশ করে কলাপসিবল গেট ধরে ধাক্কাধাক্কি করছেন। এ সময় বাইরে থাকা কুকুরগুলো ঘেউ ঘেউ করছিল। দুই পুলিশ সদস্য কুকুরগুলোকে লাঠি দিয়ে ধাওয়া দেন। কিছুক্ষণ পর ভেতর থেকে কেউ কলাপসিবল গেট খুলে দিলে পুলিশ সিঁড়ি দিয়ে ওই বাড়ির দ্বিতীয় তলায় উঠে। শওকত হোসেনকে না পেয়ে পুলিশ ফিরে যায়।
রাতে ১০ থেকে ১২ জন পুলিশ সদস্য আমার বাড়িতে অভিযান চালান। আমি বাড়িতে না থাকায় অযথা গ্রেপ্তার থেকে রক্ষা পাই।শওকত হোসেন, সদস্যসচিব, গাজীপুর মহানগর বিএনপি
শওকত হোসেন প্রথম আলোকে বলেন, ‘রাতে ১০ থেকে ১২ জনের পুলিশ সদস্য আমার বাড়িতে অভিযান চালান। আমি বাড়িতে না থাকায় অযথা গ্রেপ্তার থেকে রক্ষা পাই।’
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাফিউল করিমের দাবি, কোনো বিএনপির নেতা–কর্মীর বাড়িতে অভিযান চালানো হয়নি। শওকত হোসেনের বাড়িতে অভিযান চালানোর বিষয়ে ওসি বলেন, ‘আমাদের কাছে তথ্য ছিল, ওই বাড়িতে ওয়ারেন্টভুক্ত কয়েকজন আসামি রয়েছেন। অভিযানে কাউকে পাওয়া যায়নি।’
গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সরুজ আহমেদ, সদস্য মাহবুবুল আলম, বাসন থানা বিএনপির সাবেক আহবায়ক মনিরুল ইসলাম, মহানগর কৃষক দলের আহ্বায়ক আতাউর রহমান, ১৭ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা বশির আহমেদ, বাসন থানা যুবদলের আহ্বায়ক শওকত ও বিএনপি নেতা জিয়াউল হাসানও তাঁদের বাড়িতে পুলিশি তল্লাশির কথা বলেছেন।
মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমার নামে বর্তমানে কোনো মামলা নেই। তারপরও গত মঙ্গলবার রাতে চান্দনা চৌরাস্তা এলাকায় আমার বাড়িতে পুলিশ অভিযান চালায়, বুঝতে পেরে আগে থেকেই বাড়ি থেকে অন্যত্র অবস্থান করছিলাম।’
‘যখনই নির্বাচন শুরু হয় তখনই আওয়ামী লীগের মাস্তান বাহিনী এবং প্রশাসন সবাই মিলে বিএনপি হোক, অন্য পার্টি বা স্বতন্ত্র প্রার্থীদের নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে। স্বৈরাচারী সরকারকে যেহেতু টিকিয়ে রাখতে হবে, বিরোধী মতকে দমন করতে হবে, তারই একটা অংশ হচ্ছে নির্বাচনকালীন সময়ে পুলিশি হয়রানি করা।’শাহ রিয়াজুল হান্নান, গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক
নেতা–কর্মীদের বাড়িতে পুলিশি তল্লাশির প্রতিবাদ জানিয়েছেন গাজীপুর মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এম মঞ্জুরুল করিম। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে বিনা কারণে বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে ব্যাপক তল্লাশি ও ভয়ভীতি দেখাচ্ছে পুলিশ। পুলিশি তল্লাশি ও হয়রানি বন্ধের জোর দাবি জানান মঞ্জুরুল।
বর্তমান সরকারের অধীন কোনো নির্বাচন অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এর ধারাবাহিকতায় গাজীপুর সিটি নির্বাচনেও কোনো প্রার্থী দেয়নি দলটি। তবে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বিএনপির ২৯ জন নেতা গাজীপুর সিটিতে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দল তাঁদের সবাইকে দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।
গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে আটজন প্রার্থী রয়েছেন। তবে এখন পর্যন্ত প্রচার-প্রচারণার চিত্র জানান দিচ্ছে লড়াইটা হবে আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খান এবং স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুনের মধ্যে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির অন্তত পাঁচজন নেতা প্রথম আলোকে জানান, নৌকার পক্ষের লোকজন মনে করছে বিএনপি নির্বাচনে প্রার্থী না দিলেও কাউকে না কাউকে ভোট দেবে।
সেক্ষেত্রে নৌকার বিপক্ষে অবস্থান নিতে গিয়ে জাহাঙ্গীর আলমের মাকে বেছে নিতে পারেন। সেই আশঙ্কা থেকেই নেতা–কর্মীদের নির্বাচন থেকে সরিয়ে রাখতে তাঁদের বাড়িতে পুলিশ দিয়ে অভিযান চালানো হচ্ছে।
গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান প্রথম আলোকে বলেন, ‘যখনই নির্বাচন শুরু হয় তখনই আওয়ামী লীগের মাস্তান বাহিনী এবং প্রশাসন সবাই মিলে বিএনপি হোক, অন্য পার্টি বা স্বতন্ত্র প্রার্থীদের নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে। স্বৈরাচারী সরকারকে যেহেতু টিকিয়ে রাখতে হবে, বিরোধী মতকে দমন করতে হবে, তারই একটা অংশ হচ্ছে নির্বাচনকালীন সময়ে পুলিশি হয়রানি করা।’
বিএনপি নেতা–কর্মীদের বাড়িতে অভিযান–তল্লাশির বিষয়ে জানতে চাইলে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম বলেন, নির্বাচন উপলক্ষে সবগুলো থানায় নির্দেশনা দেওয়া হয়েছে অস্ত্রধারী ও সন্ত্রাসীদের ধরতে। কিন্তু মামলা বা অন্য কোনো বিষয় না থাকলে কোনো বিএনপি নেতার বাসায় অভিযান চালাতে বলা হয়নি।