ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মাদকাসক্ত দুই ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাঁদের পুলিশে সোপর্দ করেছেন এক অসহায় মা। আজ বৃহস্পতিবার দুপুরে প্রতিবেশীদের সহায়তায় দুই ছেলেকে ধরে পুলিশে দেন তিনি। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ড পাওয়া দুই ভাই হলেন আবুল ইমন (৩০) ও আবুল আজাদ (২৪)। তাঁদের বাড়ি সরাইল উপজেলা সদরের একটি গ্রামে। ভ্রাম্যমাণ আদালত দণ্ড দেওয়ার পর তাঁদের কারাগারে পাঠায় পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মা সরকারি চাকরিজীবী। তাঁর তিন ছেলে ও এক মেয়ের মধ্যে বড় দুই ছেলে কয়েক বছর আগে মাদকাসক্ত হয়ে পড়েন। মাদকের টাকার জন্য তাঁরা নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। ছেলেদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে অনেক চেষ্টা করেছেন তাঁদের মা–বাবা। দুই ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেড় বছর আগে তাঁদের বাবা পরিবার ছেড়ে চলে যান।
সম্প্রতি মাদকের টাকার জন্য দুই ভাই আরও বেপরোয়া হয়ে পড়েন। কথায় কথায় মাকে নানাভাবে নির্যাতন করে আসছিলেন তাঁরা। গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার সকালে মায়ের কাছে ১৩ হাজার টাকা দাবি করেন দুই ভাই। মা টাকা দিতে রাজি না হলে দুই ভাই মিলে ঘরের আসবাব ভাঙচুর করতে থাকেন এবং মাকে হত্যার হুমকিও দেন। পরে প্রতিবেশীদের সহায়তায় দুই ভাইকে পুলিশে সোপর্দ করেন মা। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ভাইকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
কান্নাজড়িত কণ্ঠে ওই মা প্রথম আলোকে বলেন, ‘আমার দুই ছেলে আমার সব শেষ করে দিয়েছে। ওদের অত্যাচারে আমার স্বামীও বাড়িতে থাকে না। ওদের অত্যাচারে আমি অসুস্থ হয়ে গেছি। আমি শান্তি চাই। ওদের অত্যাচার থেকে মুক্তি চাই।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউএনও সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, মাদকাসক্ত দুই ভাইয়ের অত্যাচারে পরিবারটি অতিষ্ঠ হয়ে পড়েছে। আজ তাঁদের হাতেনাতে মাদকাসক্ত অবস্থায় পাওয়া যায়। তাঁরা দোষ স্বীকার করেছেন। তাঁদের ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, দণ্ড পাওয়া দুজনকে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হয়েছে।