রাজশাহী বিশ্ববিদ্যালয়

শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের দুই মাসেও জমা হয়নি তদন্ত প্রতিবেদন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের সময় কয়েকটি দোকান পুড়িয়ে দেওয়া হয়
ফাইল ছবি: প্রথম আলো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় লোকজনের সংঘর্ষের ঘটনা তদন্তে গত ১৩ মার্চ পাঁচ সদস্যের কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। তবে দুই মাসেও তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিতে পারেনি কমিটি। বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষকেরা বলছেন, কর্তৃপক্ষের আন্তরিকতা না থাকায় প্রতিবেদন জমা হচ্ছে না। এতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কা রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র জানায়, ১১ মার্চ সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে একজন বাসচালকের কথা-কাটাকাটির জেরে বিনোদপুর বাজারে সংঘর্ষের সূত্রপাত হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় লোকজন এ সংঘর্ষে জড়িয়ে পড়েন। হামলা-সংঘর্ষ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছোড়া কাঁদানে গ্যাসের শেলে আহত হন দুই শতাধিক শিক্ষার্থী।

এর মধ্যে একটি পুলিশ বক্স ও রাস্তার ধারের অন্তত ৩০টি দোকান পুড়িয়ে দেওয়া হয়। ঘটনার প্রতিবাদে ১২ মার্চ সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় তাঁরা চারুকলাসংলগ্ন রেললাইন ও ঢাকা-রাজশাহী মহাসড়কে অগ্নিসংযোগ করে সড়ক অবরোধ করেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে তিনটি পৃথক মামলা করে।

সংঘর্ষের দুই দিন পর ১৩ মার্চ বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হুমায়ুন কবীরকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কমিটিকে ওই দিন থেকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন—সহকারী প্রক্টর আরিফুর রহমান, রসায়ন বিভাগের অধ্যাপক ও সাবেক প্রক্টর তারিকুল হাসান, অর্থনীতি বিভাগের অধ্যাপক আবদুর রশিদ সরকার ও সিন্ডিকেট সদস্য মো. শফিকুজ্জামান জোয়ার্দ্দার।

তদন্ত কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আরিফুর রহমান বলেন, তদন্তের তথ্য–উপাত্ত সংগ্রহ ও লেখালেখির কাজ শেষ। তবে কবে নাগাদ প্রতিবেদন জমা দেওয়া হবে, তা কমিটির আহ্বায়ক বলতে পারবেন।

ঘটনাটিকে জাতীয় পর্যায়ে অস্থিতিশীল করার প্রক্রিয়া উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক মলয় ভৌমিক বলেন, এটি তো একটি অগ্নিকাণ্ড ও কিছু শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা। কিন্তু বিশ্ববিদ্যালয়ে এক দিনে তিনজন মারা যাওয়ার মতো ঘটনাও ঘটেছে। এমন শত শত ঘটনা আছে যেগুলোর তদন্ত কমিটি গঠন করা হয়েছে, কিন্তু প্রতিবেদন জমা হয়নি। আবার তদন্ত প্রতিবেদন জমা হলেও সেটি সিন্ডিকেটে আনা হয় না। সাধারণত চাপ না থাকলে তদন্ত শিথিল হয়ে পড়ে। বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক আরও বলেন, দেশ ও বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে এ ঘটনাটির একটি সুষ্ঠু তদন্ত প্রতিবেদন প্রকাশ হওয়া ও সেই অনুযায়ী দোষী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ খুবই জরুরি। অন্যথায় এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে।

আন্দোলন প্রশমনের উদ্দেশ্যেই তদন্ত কমিটি গঠন করা হয় বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান। তিনি বলেন, এর আগেও অনেক তদন্ত কমিটি গঠিত হয়েছে, কিন্তু কোনো প্রতিবেদনই আলোর মুখ দেখেনি। এত বড় একটা ঘটনা, এত শিক্ষার্থী রক্তাক্ত, তারপরও যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত করতে ঢিলেমি করে, তবে তা খুবই দুঃখজনক। মূলত ঘটনা ধামাচাপা দেওয়া ও আন্দোলন প্রশমনের জন্যই এসব তদন্ত কমিটি গঠন করা হয়। তবে তদন্ত প্রতিবেদন জমা না দেওয়ার পেছনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তরিকতার অভাব রয়েছে বলে উল্লেখ করেন এই অধ্যাপক।

বিশ্ববিদ্যালয় শাখা নাগরিক ছাত্র ঐক্যের সভাপতি মেহেদী হাসান বলেন, দুই মাস পেরিয়ে গেলেও তদন্ত প্রতিবেদন না হওয়ায় প্রশাসনের ওপর আস্থা হারিয়ে ফেলেছেন শিক্ষার্থীরা। কোনো ঘটনার সুষ্ঠু তদন্ত না হওয়ায় একই ধরনের অপরাধ বারবার সংঘটিত হচ্ছে। অপরাধীরা পার পেয়ে উৎসাহিত হয়ে বারবার অপরাধ সংঘটিত করছেন। ভুক্তভোগী ব্যক্তিরা আরও হতাশ হয়ে পড়ছেন। পুরো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তাব্যবস্থা আরও হুমকির মুখে পড়ছে।

জানতে চাইলে তদন্ত কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীর বলেন, এই ঘটনা ছোট কোনো ঘটনা নয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন মাত্র সাত কার্যদিবস সময় দিয়েছে। কিন্তু এই ঘটনার ব্যাপকতা অনেক। অনেক ব্যক্তির সাক্ষাৎকার নিতে হয়েছে। তাই তদন্ত প্রতিবেদন তৈরি করতে অনেক বিলম্ব হয়েছে। আগামী রোববারের মধ্যেই প্রতিবেদন উপাচার্যের কাছে হস্তান্তর করবেন বলে জানান তিনি।