মধ্যপ্রাচ্যের প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কূটনৈতিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, চলমান যুদ্ধপরিস্থিতির কারণে অনেক প্রবাসী কষ্টে আছেন। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনে দেশে ফিরিয়ে আনার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।

আজ মঙ্গলবার বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান ইমামুল হোসেন ওরফে তাঁরা মিয়ার বাড়িতে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন শাবা ওবায়েদ। তিনি ফরিদপুর-২ (সালথা ও নগরকান্দা) আসনের সংসদ সদস্যও।

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধপরিস্থিতিতে বাংলাদেশের প্রবাসীদের নিরাপত্তা প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের অঞ্চলের অনেক মানুষ মধ্যপ্রাচ্যে কর্মরত। কূটনীতি ও পররাষ্ট্রনীতির মাধ্যমে আমরা চেষ্টা করছি, প্রবাসীরা যেন নিরাপদে থাকতে পারেন এবং প্রয়োজনে সুস্থভাবে দেশে ফিরতে পারেন। একই সঙ্গে আমরা চাই, যুদ্ধপরিস্থিতির দ্রুত অবসান হোক। এই বৈশ্বিক সমস্যার একমাত্র সমাধান কূটনৈতিক আলোচনা।’

এ সময় নিজের সংসদীয় আসনের উন্নয়ন প্রসঙ্গেও কথা বলেন শামা ওবায়েদ। তিনি বলেন, ‘আমি যখন সংসদে বসি, তখন মনে হয় আমি সালথা-নগরকান্দার সব মানুষকে নিয়েই সেখানে উপস্থিত আছি। তাই এখন সময়, দল-মতনির্বিশেষে সবার উন্নয়নে কাজ করার। ঝগড়াবিবাদ নয়, বরং মানুষের কল্যাণে কাজ করতে হবে।’

নির্বাচনী প্রতিশ্রুতির কথা উল্লেখ করে শামা ওবায়েদ জানান, সালথায় একটি গার্লস স্কুল ও একটি নতুন বিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ লক্ষ্যে কাজ শুরু হয়েছে। নেতা–কর্মীদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচনে কী হয়েছে, তা না দেখে ঐক্যবদ্ধভাবে জনগণের জন্য কাজ করতে হবে। নেতারা ঐক্যবদ্ধ থাকলে জনগণের সমস্যাও কমে যাবে এবং উন্নয়নকাজও সহজ হবে।

বক্তব্যে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি জানান, স্বল্প সময়ের মধ্যেই সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু হয়েছে, যা নারীদের ক্ষমতায়নে ভূমিকা রাখছে। কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। খাল খনন কার্যক্রম শুরু হয়েছে এবং ঈদের পর কৃষক কার্ড বিতরণ করা হবে। শামা ওবায়েদ বলেন, ‘বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে। আপনাদের সন্তান হিসেবে আমিও আমার দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করব।’

অনুষ্ঠানে সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান, সহসভাপতি শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাসার আজাদসহ স্থানীয় নেতা–কর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।