
সৌদি আরবের রাজধানী রিয়াদে গাড়িচাপায় মো. মনির হোসেন (৩৫) নামের বাংলাদেশি এক যুবক মারা গেছেন। গতকাল রোববার বিকেলে এ দুর্ঘনাটি ঘটে।
মনির হোসেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামের ইমাম হোসেন ভূঁইয়ার ছেলে। বাড়িতে তাঁর বাবা-মা, স্ত্রী ও ছয় বছরের এক কন্যাসন্তান রয়েছে। সোমবার মনির হোসেনের মৃত্যুর খবর পাওয়ার থেকে বাড়িতে চলছে শোকের মাতম।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মনির হোসেন সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কোম্পানির অধীন পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। গতকাল রোববার স্থানীয় সময় বেলা তিনটার দিকে ওই শহরের একটি সড়কে পরিচ্ছন্নতার কাজ করছিলেন তিনি। এ সময় পেছন থেকে আসা দ্রুতগামী একটি গাড়ি তাঁকে চাপা দেয়।
এতে গুরুতর আহত হন মনির হোসেন। সহকর্মীরা তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মনির হোসেনের লাশ সেখানকার একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
সোমবার দুপুরে রিয়াদ থেকে সহকর্মীরা মনির হোসেনের বাড়িতে মুঠোফোনে কল করে তাঁর মৃত্যুর খবর জানান। মনির হোসেনের বড় ভাই নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘দ্রুততম সময়ে সরকারি খরচে যেন আমার ভাইয়ের লাশটি গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হয়—এই দাবি জানাই।’