ফরিদপুরে যুবদলের মিছিলে পুলিশের বাধা

ফরিদপুরে যুবদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা। বৃহস্পতিবার বিকেলে শহরে মুজিব সড়কে
ছবি: প্রথম আলো

ফরিদপুরে যুবদলের মিছিলে পুলিশ বাধা দিয়েছে। বাধ্য হয়ে মিছিল সংক্ষিপ্ত করে সমাবেশ করেছেন দলটির নেতা-কর্মীরা।

যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুল মোনায়েমকে গ্রেপ্তারের প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে জেলা ও মহানগর যুবদল। বৃহস্পতিবার বিকেল সোয়া পাঁচটার দিকে শহরের ব্রাহ্ম সমাজ সড়ক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।

মিছিলটি জেনারেল হাসপাতালের সামনে মুজিব সড়কে পৌঁছালে কোতোয়ালি থানা ও গোয়েন্দা পুলিশের সদস্যরা নেতা-কর্মীদের বাধা দেন। বিক্ষোভকারীরা জনতা ব্যাংক মোড়ের দিকে যেতে চাইলে পুলিশ তাঁদের সামনে এগোতে দেয়নি। এ সময় যুবদলের নেতাদের সঙ্গে পুলিশের কথা–কাটাকাটি হয়। পরে জেনারেল হাসপাতাল মোড়েই সমাবেশ করে দলটির নেতা-কর্মীরা।

সমাবেশে বক্তব্য দেন মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন। বেনজীর আহমেদ বলেন, ‘আমাদের মিছিল নিয়ে জনতা ব্যাংকের মোড়ে যাওয়ার কর্মসূচি ছিল। কিন্তু পুলিশ বাধা দিয়ে আমাদের যেতে দেয়নি। এই নিশিরাতের সরকার আমাদের নেতা আবদুল মোনায়েমকে গ্রেপ্তার করেছে।’ বক্তারা যুবদল নেতার মুক্তি দাবি করে বলেন, অবিলম্বে মুক্তি দেওয়া না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, যুবদল যতটুকু জায়গার মধ্যে মিছিল করতে চেয়েছিল, ততটুকু জায়গার মধ্যে করেছে। জনতা ব্যাংকের মোড়ে যাওয়ার কোনো কথা তাদের ছিল না। এটা বক্তৃতা দেওয়ার জন্য বলেছে।