টেকনাফে রোহিঙ্গা শিবিরে আগুন, শিখন সেন্টারসহ ৩৯টি ঘর পুড়ে ছাই

গতকাল দিবাগত রাত দেড়টা থেকে দুইটার মধ্যে আশ্রয়শিবিরের শিখন সেন্টারে আগুন লাগে
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপজেলার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আগুন লেগে ৩টি শিখন (লার্নিং) সেন্টারসহ ৩৯টি বসতঘর পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার মধ্যরাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদার ২৪ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে এ দুর্ঘটনা ঘটে।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মাঈন উদ্দিন চৌধুরী প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আগুনের সূত্রপাত্র কীভাবে হয়েছে, তা এখনো শনাক্ত করা যায়নি। আগুনে রোহিঙ্গাদের ৩৪টি বসতঘর, স্থানীয় বাঙালি বাসিন্দাদের ২টি বসতঘর ও ৩টি শিখন সেন্টার পুড়ে ছাই হয়েছে। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। অধিকাংশ লোকজন প্রয়োজনীয় জিনিসপত্র ও ঘরের মালামাল বাইরে বের করতে পারেননি।

লেদা রোহিঙ্গা আশ্রয়শিবিরে ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ আলম বলেন, গতকাল দিবাগত রাত দেড়টা থেকে দুইটার মধ্যে আশ্রয়শিবিরের শিখন সেন্টারে আগুন লাগে। এরপর আগুন এ-৫ ব্লকের ঘরগুলোয় ছড়িয়ে পড়ে। আশ্রয়কেন্দ্রের বাসিন্দারা কেউ ঘর থেকে কোনো কিছু বের করতে পারেননি। এ ছাড়া আগুনের তাপে আশপাশের ১২ থেকে ১৫টির মতো ঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আগুনের খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা পানি, বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে বেসরকারি উন্নয়ন সংস্থা আইওএম থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পুরো আগুন নিয়ন্ত্রণে আনেন।

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, ‘রোহিঙ্গা আশ্রয়শিবিরে আগুনের খবর পেয়ে রাতেই আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। এলাকার স্থানীয় লোকজন আগুন নেভানোর কাজে সহযোগিতা করেছেন। কিন্তু কীভাবে আগুন লেগেছে, তা এখনো জানা যায়নি।’

লেদা-২৪ শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার সহকারী (সিনিয়র সহকারী সচিব) মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘আমি ছুটিতে আছি। তবে পুড়ে যাওয়া ঘরগুলো শনাক্ত করে এনজিও সংস্থা আইওএম তাদের শেল্টারের ব্যবস্থা করবে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বিভিন্ন শিক্ষা সেন্টারের আশ্রয় দেওয়া হয়েছে। পাশাপাশি ডব্লিউএফপি (ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম) তাদের খাদ্যের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’