গার্ডারচাপা

‘আমরা দশটা কথা বললে একটার উত্তর দেয় রিয়া’

দুর্ঘটনায় ৫ স্বজনকে হারানোর স্মৃতি তাড়িয়ে বেড়াচ্ছে নবদম্পতি হৃদয় ও রিয়ামনিকে। আজ শনিবার রাজধানীর কাওলার নবদম্পতির বাড়িতে
ছবি: প্রথম আলো

স্বামী হৃদয়ের পাশে বসে আনমনে কী যেন ভাবছিলেন রিয়ামনি। তাঁর শাশুড়ি ও পরিবারের লোকজন স্মৃতিচারণা করে চলেছেন বিআরটির গার্ডারচাপায় মারা যাওয়া তাঁর শ্বশুর, মা, খালা, খালতো ভাইবোন নিয়ে। রিয়ার সেদিকে মন নেই। তাঁর চোখে ছলছল করছে পানি। কোথায় যেন আটকে গেছে তাঁর কথা।

ছোটবেলায় মাকে ছেড়ে যান রিয়ার বাবা। রিয়া ও তাঁর ছোট ভাইয়ের বেঁচে থাকার একমাত্র অবলম্বন ছিলেন মা-ই। বিভিন্ন পোশাক কারখানায় অল্প বেতনের চাকরি করে তিলে তিলে বড় করে তোলেন তাঁদের। তিল তিল করে টাকা জমিয়ে ধুমধাম করে বিয়েও দেন রিয়াকে। কিন্তু একমুহূর্তের ঘটনায় চোখের সামনে নাই হয়ে গেলেন মা। সঙ্গে গেলেন খালা ও তাঁর দুই ছেলেমেয়ে।

তাঁর ছোট ভাই এখন কেমন আছে, এমন প্রশ্ন করতেই রিয়ার গাল বেয়ে ঝরে পড়ল চোখের পানি। কোনো উত্তর না দিয়ে বসে রইলেন একইভাবে। বেশ কিছুক্ষণ পর পাশ থেকে স্বামী হৃদয় বললেন, ‘ঘটনার সময় প্রাইভেট কারের পেছনে বসা ছিল ও (রিয়া), ওর মা, খালা ও খালাতো ভাইবোন। আমি আর আব্বু ছিলাম সামনে। আব্বু গাড়ি চালাচ্ছিলেন। আর আমরা হাসাহাসি, গল্প করছিলাম। এর মধ্যেই হঠাৎ স্তব্ধ হয়ে যায় সব। তাকিয়ে দেখি চোখের সামনেই শেষ হয়ে গেল সব।’

কথার মধ্যেই কিছুটা সময়ের জন্য রিয়ার মতো কোথায় যেন হারিয়ে গেলেন হৃদয়। এরপর আবার শুরু করেন, ‘এ ঘটনায় আমি আব্বুকে হারিয়েছি। আমি আর মা এখন একা। তবে আরও বেশি কষ্ট হচ্ছে ওর (রিয়া) জন্য। কারণ, এখন ওর মা–বাবা কেউ নেই। একমাত্র ছোট ভাইটাও একা। তার খাওয়া–ঘুম কোনো কিছুর ঠিক নেই। সে (রিয়া) সারাক্ষণই এসব নিয়ে মন খারাপ করে রাখে। কারও সঙ্গে কথাও বলতে চায় না। আমরা দশটা কথা বললে একটা-দুইটা কথার উত্তর দেয়।’

হৃদয়-রিয়ার পাশেই বসে ছিলেন হৃদয়ের মা রেহানা আক্তার। স্বামী আইয়ুব আলীর সঙ্গে ঘর বেঁধেছিলেন সেই ১৯৯২ সালে। একমাত্র ছেলে হৃদয়কে নিয়েই তাঁদের সুখের সংসার এগিয়েছে। ধুমধাম করে ছেলেকে বিয়ে দেন। ছেলে ও ছেলের বউকে নিয়ে তাঁদের সে কী আনন্দ। কিন্তু একমুহূর্তেই যেন পাল্টে গেল সব।

উত্তরার জসীমউদ্‌দীন এলাকায় বিআরটি প্রকল্পের গার্ডারচাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান পাঁচজন। সেখান থেকে কোনোরকম বেঁচে ফেরেন নবদম্পতি রিয়া ও হৃদয়। আজ শনিবার রাজধানীর কাওলার নবদম্পতির বাড়িতে

রেহানা আক্তার বলেন, ‘ফোনে যখন ছেলে দুর্ঘটনার কথা জানাল, তখনই যেন পুরো আকাশ মাথায় ভেঙে পড়ে। খবর শুনে আমি খালি পায়েই বাসা থেকে বেরিয়ে যাই। যখনই গাড়ির কাছে পৌঁছলাম, তখন কষ্টে আমার দম বন্ধ হয়ে আসছিল। পরে আমার বোন, স্বজনেরা মাথায় পানি ঢেলে শান্ত করে।’

রেহানা বলেন, ‘বিয়ের পর ছেলেমেয়ে দুইটা কত খুশি। মেয়েটার হাত থেকে এখনো মেহেদির রংই ওঠেনি। অথচ এর মধ্যেই কত বড় একটা ঘটনা ঘটে গেল। ছেলের বাবা, পুত্রবধূর মা, খালাশ্বশুর হারানোর শোকে কাতর পুরো পরিবার। পুরো সংসার কীভাবে চলবে, তা ভাবতেই দিশাহারা হয়ে উঠছি।’

রেজাউল মণ্ডল হৃদয় ও রিয়ামনির বিয়ে হয় গত শনিবার। সোমবার হৃদয়ের কাওলার বাসায় ছিল বউভাত অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে একটি প্রাইভেট কারে আশুলিয়ার খেজুরবাগান এলাকায় রিয়াদের বাড়ি ফিরছিলেন হৃদয়, তাঁর স্ত্রী রিয়া, রিয়ার মা ফাহিমা, খালা ঝরনা এবং ঝরনার দুই সন্তান জান্নাতুল ও জাকারিয়া। প্রাইভেট কারটি চালাচ্ছিলেন হৃদয়ের বাবা আইয়ুব আলী। পথে উত্তরার জসীমউদ্‌দীন এলাকায় বিআরটি প্রকল্পের গার্ডারচাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান পাঁচজন। সেখান থেকে কোনোরকম বেঁচে ফেরেন নবদম্পতি রিয়া ও হৃদয়। আজ শনিবার তাঁদের বিয়ের এক সপ্তাহ পূর্ণ হলো। বিকেলে ঢাকার কাওলার বাসায় গিয়ে এভাবেই পাওয়া যায় তাঁদের।

তাঁরা দুঃখ প্রকাশ করে বলছিলেন, এই একটা ঘটনায় একসঙ্গে নিঃস্ব হয়ে গেছে পুরো তিনটি পরিবার। অথচ এখন পর্যন্ত প্রশাসন বা সরকারের পক্ষ থেকে সমবেদনা জানাতে পর্যন্ত কেউ আসেনি। এ তিনটি পরিবার এখন কীভাবে চলবে, তাঁদের কে দেখবে একটিবারের জন্যও কেউ তা খোঁজ নেয়নি।

হৃদয় বলেন, ‘এটা কোনো দুর্ঘটনা নয়। এটা একটা হত্যা। বিআরটির অবহেলার কারণে আমাদের সব শেষ হয়ে গেল। অথচ একটিবারের জন্যও তাদের কেউ আমাদের খোঁজ নিল না। এই পরিবারগুলো কীভাবে চলবে, কীভাবে বাঁচবে, সে দায় কার?’