উদ্ধার হওয়া বাঘাইড়। গতকাল রাতে রাঙামাটির কাপ্তাই উপজেলায়
উদ্ধার হওয়া বাঘাইড়। গতকাল রাতে রাঙামাটির কাপ্তাই উপজেলায়

রাঙামাটিতে ১৬ কেজি ওজনের বাগাড় মাছ জব্দ

রাঙামাটির কাপ্তাই উপজেলায় ১৬ কেজি ওজনের একটি বাগাড় মাছ জব্দ করেছে বন বিভাগ। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার নতুন বাজার জেটিঘাট থেকে পরিত্যক্ত অবস্থায় মাছটি উদ্ধার করা হয়।

বন বিভাগ জানায়, বাগাড় মাছ শিকার ও বিক্রি নিষিদ্ধ। এরপরও গতকাল কর্ণফুলী নদী থেকে মাছটি ধরা হয়। এটি লম্বায় চার ফুট। এক জেলে মাছটি গোপনে বিক্রি করতে এসেছিলেন। তবে বন বিভাগ খবর পেয়ে অভিযান চালায়। অভিযানের বিষয়টি টের পেয়ে ওই জেলে মাছটি ঘাটে রেখে আত্মগোপনে চলে যান।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান মাছ জব্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘উদ্ধার হওয়া বিপন্ন প্রজাতির বাগাড় মাছটি জীবিত হলে নদীতে ছেড়ে দেওয়া যেত। কিন্তু মৃত মাছ উদ্ধার হওয়ায় সেটি জনসমক্ষে কেটে কেরোসিন তেল ঢেলে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।’

মামুনুর রহমান আরও বলেন, লাল তালিকাভুক্ত এই মাছ শিকার যে নিষিদ্ধ, তা অনেকেই জানেন না। এ বিষয়ে সচেতনতা তৈরির জন্য জনসমাগম থাকে—এমন এলাকাগুলোয় সচেতনতামূলক ব্যানার টাঙানো হবে।