সিলেটে সকালে বৃষ্টি, দুপুর থেকে পর্যটকদের ঢল

সিলেটের কোম্পানীগঞ্জের সাদা পাথর পর্যটনকেন্দ্রে রোববার দুপুরে
ছবি: প্রথম আলো

সিলেটে আজ রোববার সকাল ৯টার পর থেকে বৃষ্টিপাত শুরু হয়। এতে বিভিন্ন পর্যটনকেন্দ্রে বেড়াতে আসা দর্শনার্থীরা পড়েন বিপাকে। পরে বৃষ্টি থেমে যায়। দুপুর থেকে পর্যটনকেন্দ্রগুলোতে নামে পর্যটকদের ঢল।

স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটনকেন্দ্র এবং সিলেটের গোয়াইনঘাটের জাফলং পর্যটনকেন্দ্রে দুপুর ১২টার পর প্রায় দেড় লাখ পর্যটক ছিলেন।

এদিকে গতকাল শনিবার ঈদের দিনও জাফলংয়ে প্রায় ৫০ হাজার পর্যটক ছিলেন বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশের জাফলং সাব-জোনের পরিদর্শক মো. রতন শেখ। তিনি আরও বলেন, শনিবার জাফলংয়ে যাঁরা বেড়াতে এসেছিলেন, তাঁদের অধিকাংশই স্থানীয় বাসিন্দা। আজ রোববার সকালে জাফলংয়ে বিভিন্ন স্থান থেকে গাড়ি নিয়ে বেড়াতে আসেন পর্যটকেরা। যানবাহনের চাপে জাফলংয়ের প্রবেশমুখে যানজট দেখা দেয়, যা নিয়ন্ত্রণ করতে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ।

কোম্পানীগঞ্জের সাদা পাথর পর্যটনকেন্দ্রে রোববার দুপুরে বিপুলসংখ্যক পর্যটকের উপস্থিতি দেখা যায়

ট্যুরিস্ট পুলিশের ভাষ্য, আজ সকাল ১০টার দিকে ঝড়ের সঙ্গে বৃষ্টি শুরু হলে পর্যটকেরা জাফলং এলাকার বিভিন্ন দোকানপাটে ঠাঁই নেন। বৃষ্টি থেমে যাওয়ার পর পর্যটকেরা জাফলংয়ে পর্যটনকেন্দ্রে ভিড় জমান। রোববার জাফলংয়ে প্রায় এক লাখ পর্যটক অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ।

কোম্পানীগঞ্জের সাদা পাথর এলাকায়ও পর্যটকদের ঢল নেমেছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুসিকান্ত হাজং। তিনি বলেন, শনিবারও সাদা পাথর পর্যটনকেন্দ্রে পর্যটকদের ভিড় ছিল। ঈদের দিন যাঁরা সেখানে বেড়াতে এসেছিলেন, তাঁদের অধিকাংশই স্থানীয় লোকজন। ঈদের দিন সেখানে প্রায় ১৫ হাজার পর্যটক ছিলেন। তবে আজ সকালে বৃষ্টির কারণে পর্যটকদের উপস্থিতি কম ছিল। তবে দুপুর ১২টা থেকে পর্যটকদের ঢল নামতে শুরু করে।

পর্যটনকেন্দ্র জাফলংয়ে পর্যটকদের ঢল। রোববার দুপুরে

সিলেটের অন্যান্য পর্যটনকেন্দ্র গোয়াইনঘাটের রাতারগুল, সিলেট শহরতলি এলাকার বিভিন্ন চা-বাগান, জৈন্তাপুর উপজেলার লালাখাল, কোম্পানীগঞ্জ সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাইটেক পার্কেও দর্শনার্থীদের ভিড় ছিল। সিলেট নগরের অভ্যন্তরের ধোপাদিঘীর পাড় এলাকার এম এ জি ওসমানী শিশুপার্ক, দক্ষিণ সুরমা এলাকায় শেখ হাসিনা শিশুপার্কেও দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখের পড়ার মতো।

সিলেট জেলা পুলিশের গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বলেন, রোববার দুপুর ১২টা থেকে হঠাৎ পর্যটকদের ঢল নামে। এ সময় ভোলাগঞ্জ ঘাট এলাকায় ৪০০ থেকে ৫০০ পর্যটকবাহী যানবাহন অবস্থান করে। পর্যটকদের হঠাৎ এমন ভিড় সামলাতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের সদস্যরা কাজ করছেন।

সিলেট রোববার সকালে মুষলধারে বৃষ্টি নামে। বৃষ্টি আর ঝোড়ো হাওয়ার মধ্যে চলছে যানবাহন। রোববার দুপুরে নগরের বারুতখানা এলাকায়

সিলেট আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, সিলেটে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে আজ রোববার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিন ঘণ্টায় ৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন বলেন, আগামী ৪৮ ঘণ্টায় আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

ট্যুরিস্ট পুলিশ সিলেট অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম বলেন, ঈদের ছুটিসহ এ মৌসুমে ১০ লাখের কাছাকাছি পর্যটক সিলেটে বেড়াতে আসবেন। তাঁদের নিরাপত্তা দিতে ট্যুরিস্ট পুলিশ প্রস্তুত রয়েছে।