ইসফাতুল ইসলাম
ইসফাতুল ইসলাম

মাইক্রোবাসে জোরপূর্বক তুলে নেওয়া হয় ছাত্রদল নেতাকে, পরে মিলল লাশ

কক্সবাজারের চকরিয়ায় মহাসড়কের পাশ থেকে ইউনিয়ন ছাত্রদলের এক নেতার লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত তিনটার দিকে চকরিয়ার খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া ঢালা এলাকা তাঁর লাশ উদ্ধার হয়।

ওই ছাত্রদল নেতার নাম ইসফাতুল ইসলাম (২৮)। তিনি উপজেলার কাকারা ইউনিয়ন ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ছিলেন। তাঁর বাড়ি কাকারা ইউনিয়নের লোটনী এলাকায়।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, রোববার রাত ১১টার দিকে কাকারা ইউনিয়নের সাবের সওদাগরের দোকানের সামনে থেকে ইসফাতুল ইসলামকে জোরপূর্বক একটি নোয়া মাইক্রোবাসে তুলে নিয়ে যান কয়েক ব্যক্তি। এ খবর ছড়িয়ে পড়ার পর দলের নেতা-কর্মী ও স্থানীয় লোকজন বিভিন্ন এলাকায় তাঁর খোঁজ করেন। মহাসড়কের বিভিন্ন এলাকায় তাঁরা পাহারাও বসান।

দিবাগত রাত আড়াইটার দিকে দলের নেতা-কর্মীদের কাছে খবর আসে, ইসফাতুলকে পৌরসভার সবুজবাগ আবাসিক এলাকার একটি ভবনে আটকে রাখা হয়েছে। সেটি জানার পর নেতা-কর্মীরা ভবনটির ভেতরে ঢোকার চেষ্টা করেন। এ সময় তাঁদের ভবনের প্রহরী বাধা দেওয়ায় বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ গিয়ে ভবনটিতে তল্লাশি চালায়। এর মধ্যেই খবর আসে মহাসড়কের পাশে ইসফাতুলের লাশ পড়ে আছে। পরে পুলিশ সেখানে গিয়ে লাশটি উদ্ধার করে।

চকরিয়া থানার ওসি মোহাম্মদ আরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ইসফাতুলের গলায়, কপালে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে কারা তুলে নিয়ে গিয়েছিল, কী কারণে হত্যা করা হয়েছে, তা অনুসন্ধান করা হচ্ছে। এ ঘটনায় তিন নারীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইসফাতুলের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।