
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বেপরোয়া গতির বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল নয়টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার চৌরাস্তা এলাকার ঢাকা হোটেলের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. শাহ আলম। তিনি উপজেলার একলাশপুর ইউনিয়নের দরবেশপুর গ্রামের মৃত কুদ্দুস মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে চট্টগ্রামগামী যাত্রীবাহী ‘শাহী বাস’ দ্রুতগতিতে চৌমুহনী পৌরসভার চৌরাস্তা এলাকার ঢাকা হোটেলের সামনের সড়ক অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা দুটি অটোরিকশাকে যাত্রীবাহী বাসটি চাপা দেয়। এতে একটি অটোরিকশার চালক শাহ আলমসহ ছয়জন গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক শাহ আলমকে মৃত ঘোষণা করেন।
জানতে চাইলে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে গেছেন। পরে দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা জব্দ করে থানায় নেওয়া হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ দিলে পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।