আড়িয়াল খাঁ নদে নিখোঁজের ১৭ ঘণ্টা পর ভেসে উঠল শিক্ষার্থীর লাশ

মোনায়েম ইসলাম
ছবি: সংগৃহীত

মাদারীপুরে বন্ধুদের সঙ্গে আড়িয়াল খাঁ নদে গোসলে নেমে নিখোঁজের ১৭ ঘণ্টা পর এক শিক্ষার্থীর লাশ উদ্ধার হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে সদর উপজেলার কুলপদ্বী এলাকা থেকে তাঁর লাশটি উদ্ধার করা হয়।

মারা যাওয়া ওই শিক্ষার্থীর নাম মোনায়েম ইসলাম ওরফে শুভ্র (১৯)। তিনি নাটোর জেলার বালিয়াহাটি জগদীশপুর এলাকার আসাদুল ইসলামের ছেলে। মোনায়েম মাদারীপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির রেডিওগ্রাফি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

ফায়ার সার্ভিস, পুলিশ ও মোনায়েমের সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা যায়, মোনায়েম ইসলাম তাঁর আবাসিক হল থেকে বৃহস্পতিবার বেলা তিনটা দিকে বের হন। প্রচণ্ড গরম পড়ায় বন্ধু তিতাস রায়, তাছিন, বিপ্লব, সাঈদসহ কয়েকজন মিলে কুলপদ্বী এলাকার আড়িয়াল খাঁ নদে গোসলের জন্য যান। বন্ধুদের সঙ্গে গোসল করার একপর্যায়ে সাঁতার না জানায় আড়িয়াল খাঁ নদের পানিতে তলিয়ে যায় মোনায়েম।

পরে সহপাঠী ও স্থানীয় লোকজন নদে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। তবে সন্ধান না মেলায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। সন্ধ্যায় ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। রাত হয়ে যাওয়ায় উদ্ধারকাজ বন্ধ করে ফায়ার সার্ভিস। আজ সকাল সাড়ে ছয়টার দিকে একই স্থানে নিখোঁজ মোনায়েম ইসলাম লাশটি ভেসে ওঠে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা লাশটি নদ থেকে উদ্ধার করেন। পরে পুলিশ গিয়ে লাশটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নূর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, আজ ভোর থেকেই ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করার কথা ছিল। কিন্তু এর আগেই ওই নিখোঁজ শিক্ষার্থীর লাশ ভেসে ওঠে। পরে লাশটি উদ্ধার করে পুলিশের জিম্মায় দেওয়া হয়েছে।

মোনায়েম ইসলামের সহপাঠী মো. মুস্তায়েন মিরাজ প্রথম আলোকে বলেন, ‘আমরা সারা রাত নদীর পাড়ে বসে ছিলাম। এভাবে আমাদের বন্ধু মারা যাবে তা আমরা কেউ মেনে নিতে পারছি না। আমাদের কষ্ট হচ্ছে। ঘটনাটি আমাদের সবার জন্য খুবই ব্যথিত।’

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, নিখোঁজের প্রায় ১৭ ঘণ্টা পর নিখোঁজ ওই শিক্ষার্থীর লাশটি নদে ভেসে ওঠে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের কাছে লাশটি বুঝিয়ে দেওয়া হবে।