কেরানীগঞ্জে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ছাত্রলীগের নেতার বিরুদ্ধে আ. লীগ নেতার মামলা

৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রলীগের সভাপতি ইমাম হাসানসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছেন আওয়ামী লীগের এক নেতা। ঢাকার কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী এহসান উদ্দিন আহম্মেদ বাদী হয়ে মঙ্গলবার রাতে কেরানীগঞ্জ মডেল থানায় মামলাটি করেন।

মামলায় কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রলীগের সভাপতি ইমাম হাসানকে এক নম্বর আসামি করা হয়েছে। ওই মামলার অন্য আসামিরা হলেন কালিন্দী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সামিউল্লাহ শিমুল (৩২), তাঁর সহযোগী মন্টি খান (২৭), মো. অনিক (৩৬) ও ইমাম হোসেন (৩২)। এ ছাড়া অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে।

মামলার বাদী এহসান উদ্দিন আহম্মেদ বলেন, ‘আমি কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় যৌথভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু ভরাটের ব্যবসা করি। বর্তমানে আমার ড্রেজারটি বালু ভরাটের কাজের জন্য কেরানীগঞ্জ মডেল থানার আতাশুর কালিন্দী মডেল টাউন প্রজেক্ট এলাকায় আছে। ১৯ মার্চ সন্ধ্যা ৭টার দিকে কালিন্দী ইউনিয়নের হাজি আলতাব মিয়ার বাড়ির সামনের সড়কে কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রলীগের সভাপতি ইমাম হাসান ও তাঁর সহযোগী ইমাম হোসেন কালিন্দী মডেল টাউন প্রজেক্টে বালু ভরাটের বিষয়ে তাঁরা আমার ব্যবসায়িক অংশীদার পিন্টু ও মাসুমসহ আমার সঙ্গে কথা বলেন। এ সময় ইমাম হাসান আমাদের বলেন, ওই প্রজেক্ট এলাকায় তাঁরা বালু ভরাট করবেন। তাই আমাদের ড্রেজার ও পাইপ লাইন সরিয়ে নিতে হবে। তখন আমরা তাঁকে জানাই ওই প্রজেক্টে বালু ভরাটের জন্য ইতিমধ্যে প্রজেক্ট কর্তৃপক্ষ আমাদের সঙ্গে চুক্তিপত্র করেছে। একপর্যায়ে ইমাম হাসান ও তাঁর সহযোগী বলেন, ওই প্রজেক্টে বালু ভরাটের কাজ করতে হইলে আমাদের ৫০ লাখ টাকা চাঁদা দিতে হবে। নয়তো আমাদের বালু ভরাটের কাজ করতে দেওয়া হবে না। এ কথা বলে তারা সেখান থেকে চলে যান।’

এহসান উদ্দিন আহম্মেদ আরও বলেন, ‘পরে সময়ে আমরা তাঁদের চাঁদা না দিয়ে বালু ভরাটের কাজ করতে থাকি। এ ঘটনায়  ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার বেলা দুইটার দিকে ছাত্রলীগের সভাপতি ইমাম হাসান ও তাঁর সহযোগী শিমুল, মন্টি খান, অনিক, ইমাম হোসেনসহ অজ্ঞাতনামা ৩০/৩৫ জন ব্যক্তি লাঠিসোঁটা, চাকু, লোহার রড ও নাট খোলার যন্ত্র নিয়ে এসে মুসলিমাবাগ মাঠের দক্ষিণ পাশে এনায়েত হাজির প্রজেক্টের পাশে ফাঁকা জমির ওপর দিয়ে নেওয়া পাইপ লাইনের সঙ্গে থাকা বাঁশের তৈরি চেঙ্গি কুপিয়ে কেটে ফেলে এবং লোহার পাইপ খুলে ফেলে।  ড্রেজারের পাইপ স্থাপনের কাজে নিয়োজিত থাকা কর্মচারী আশিক আমাকে ঘটনাটি জানান। এরপর আমি তাৎক্ষণিকভাবে পিন্টু, মাসুমসহ পরিচিত লোকজন নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের কাছে পাইপ খুলে ফেলার কারণে জানতে চাই। এ সময় তারা আমাকে প্রাণনাশের হুমকি দেন। একপর্যায়ে এলাকাবাসী এগিয়ে আসলে তাঁরা লোহার পাইপের সঙ্গে থাকা নাটবল্টু নিয়ে যান। এ ঘটনায় মঙ্গলবার রাতে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা করেছি।’

এদিকে বুধবার দুপুরে কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা সোহেল মুফতি ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেন ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেন। তবে তিনি এ বিষয়ে সাংবাদিকদের কিছু বলতে রাজি হননি।

চাঁদা দাবির অভিযোগের বিষয়ে জানতে চাইলে কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রলীগের সভাপতি ইমাম হাসান বলেন, ‘রাজনীতি ফায়দা হাসিল করার জন্যে উদ্দেশ্যেপ্রণোদিতভাবে আমাদের বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এহসান উদ্দিনকে আমি চিনি না, কখনো দেখিনি। আমি কারও কাছ থেকে চাঁদা দাবি করিনি।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ বলেন, ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।