সিলেটে নগরজুড়ে যানজট, ভোগান্তি

ঈদের আগে সিলেট নগরে যানবাহনের চাপ বেড়েছে। যত্রতত্র যানবাহন চলাচলে নগরের বিভিন্ন এলাকা দিনভর থাকে যানজট। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরাবাসীকে। সোমবার সিলেট নগরের সুরমা পয়েন্ট এলাকায়
ছবি: আনিস মাহমুদ

সিলেটে নগরজুড়ে কয়েক দিন ধরে তীব্র যানজট দেখা দিয়েছে। দিন ও রাতে নগরের বিভিন্ন এলাকার সড়কে যান চলাচল স্থবির হয়ে থাকতে দেখা গেছে। দাবদাহের মধ্যে যানজটে পড়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীসহ নগরবাসীর। সড়কে যত্রতত্র পার্কিং, ফুটপাত দখল ও কোরবানি ঈদ উপলক্ষে নগরে মানুষের আগমন ও পশু পরিবহন করা যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ।

নগরের ভুক্তভোগীরা বলছেন, শুক্রবার থেকে সিলেটে যানজট বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন বেলা ১১টা থেকে নগরে রাত ১১টা পর্যন্ত যানজট হচ্ছে। যানজটের মধ্যেও দুর্ঘটনা ঘটছে। নগরের ভেতরে দিনের বেলা মালবাহী ট্রাক ঢুকে পড়ছে। এতে যানজট আরও প্রকট আকার ধারণ করছে।

এদিকে দুই দিনে সিলেট নগরে দুটি দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে রোববার বিকেল চারটার দিকে নগরের নাইওরপুল মোড় এলাকায় ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে নগরের লামাবাজার এলাকায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপচালক ও অটোরিকশাচালক আহত হয়েছেন।

সোমবার বেলা দুইটার দিকে নগরের জেল রোড এলাকায় রিকশায় বসা ছিলেন নগরের মিরাবাজার এলাকার বাসিন্দা শাহ মো. তানভীর হোসেন। একপর্যায়ে রিকশা থেকে নেমে তিনি হাঁটা শুরু করেন। তানভীর বলেন, ঈদের আগে আজ ব্যাংকে লেনদেনের শেষ দিন। বাসা থেকে বের হয়ে জেল রোড মোড়ে আসতে তাঁর প্রায় ৪৫ মিনিটের মতো সময় লেগেছে। যদিও রিকশা দিয়ে আসতে এ পথে ১০ মিনিটে জিন্দাবাজার পৌঁছে যাওয়ার কথা। কিন্তু তীব্র যানজটে ৪৫ মিনিট আটকে থাকেন। শেষ পর্যন্ত হেঁটেই জিন্দাবাজারের দিকে রওনা হয়েছেন।

আজ নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, জেল রোড থেকে পূর্ব জিন্দাবাজার, বন্দরবাজার থেকে চৌহাট্টা মোড়, মিরবক্সটুলা থেকে চৌহাট্টা মোড়, আম্বরখানা থেকে চৌহাট্টা মোড়, রিকাবীবাজার থেকে লামাবাজার, বন্দরবাজার এলাকা, কালীঘাট ও মহাজনপট্টি এলাকা, বন্দরবাজার থেকে তালতলা, কাজিরবাজার, আম্বরখানা থেকে মিয়া ফাজিলচিস্ত, নাইওরপুল এলাকা, মিরাবাজার থেকে রায়নগর, শিবগঞ্জ এলাকা, সোবহানীঘাট থেকে মেন্দিবাগ ও হুমায়ুন রশীদ চত্বরে বেলা ১১টার পর থেকে থেমে থেমে তীব্র যানজট ছিল।

কোরবানির ঈদ উপলক্ষে সিলেটের বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে পশুর হাট। ট্রাকে করে কোরবানির ছাগল নেওয়া হচ্ছে হাটে। সোমবার সিলেট নগরের সুরমা পয়েন্ট এলাকায়

নগরের তালতলা সড়কে সিএনজিচালিত অটোরিকশায় করে বন্দরবাজারের দিকে যাচ্ছিলেন ফেরদৌসী বেগম ও তাঁর দুই ছেলে। ফেরদৌসী বলেন, সুবিদাবাজার থেকে বন্দরবাজার যাওয়ার জন্য তাঁরা সিএনজিচালিত অটোরিকশায় উঠেছিলেন। তালতলা এলাকায় পৌঁছে যানজটে পড়তে হয়েছে। এর আগে রিকাবীবাজার থেকে লামাবাজার সড়কে আরও প্রায় ২০ মিনিট যানজটে পড়ে থাকতে হয়। কয়েক দিন আগেও শহরে এমন যানজট ছিল না।

বেলা দুইটার দিকে সিলেট নগরের জেল রোড-জিন্দাবাজার সড়কে দেখা যায়, নগরের জেল রোড থেকে পূর্ব জিন্দাবাজার এলাকা পর্যন্ত যানবাহনের তীব্র চাপ। সড়কে দীর্ঘ যানজট লেগে আছে। মূলক বারুতখানা মোড়ে হাওয়া পাড়া থেকে বারুতখানা সড়কে গলির সড়কে যানবাহন চলাচল করায় মূল সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এ ছাড়া জিন্দাবাজার-জেল রোড সড়কের সড়কের পাশে বেশ কয়েকটি যানবাহন যত্রতত্রভাবে পার্কিং করা।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (ট্রাফিক) গৌতম দেব প্রথম আলোকে বলেন, কোরবানির ঈদকে কেন্দ্র করে নগরে কিছুটা যানজট বৃদ্ধি পেয়েছে। তবে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। যানজট নিরসনে তাঁরা কাজ করছেন। তিনি আরও বলেন, কোরবানির পশুর হাটের জন্য নগরে পশু পরিবহন করা যানবাহন প্রবেশ করছে, এতে যানজট কিছুটা বাড়ছে। এ ছাড়া নগরে ঈদের কেনাকাটার জন্য মানুষ বৃদ্ধি যানজটের অন্যতম কারণ। মঙ্গলবার থেকে সরকারি ছুটি শুরু হবে। এ হিসাবে সোমবার শেষ কর্মদিবস। আশা করা হচ্ছে, মঙ্গলবার থেকে যানজট কমে আসবে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (ট্রাফিক) গৌতম দেব প্রথম আলোকে বলেন, কোরবানির ঈদকে কেন্দ্র করে নগরে কিছুটা যানজট বৃদ্ধি পেয়েছে। তবে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। যানজট নিরসনে তাঁরা কাজ করছেন। তিনি আরও বলেন, কোরবানির পশুর হাটের জন্য নগরে পশু পরিবহন করা যানবাহন প্রবেশ করছে, এতে যানজট কিছুটা বাড়ছে। এ ছাড়া নগরে ঈদের কেনাকাটার জন্য মানুষ বৃদ্ধি যানজটের অন্যতম কারণ। মঙ্গলবার থেকে সরকারি ছুটি শুরু হবে। এ হিসাবে সোমবার শেষ কর্মদিবস। আশা করা হচ্ছে, মঙ্গলবার থেকে যানজট কমে আসবে।