পঞ্চগড় ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান ও সম্পাদক রোকনুজ্জামান

তারেকুজ্জামান ও রোকনুজ্জামান (ডানে)
তারেকুজ্জামান ও রোকনুজ্জামান (ডানে)

পঞ্চগড় জেলা ছাত্রদলের ছয় সদস্যবিশিষ্ট নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে তারেকুজ্জামানকে সভাপতি ও রোকনুজ্জামানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

গতকাল শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ স্বাক্ষরিত এক চিঠিতে এই কমিটি ঘোষণার কথা জানানো হয়েছে। নবঘোষিত ছয় সদস্যবিশিষ্ট কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার বিকেলে নতুন ঘোষিত জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন।

নতুন ঘোষিত আংশিক কমিটিতে অন্য পদগুলোর মধ্যে জাহেদুল ইসলামকে জ্যেষ্ঠ সহসভাপতি, মোস্তফা কাননকে জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক, মিশু ইসলামকে যুগ্ম সাধারণ সম্পাদক ও জুয়েল রানাকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, ২০১৭ সালের ২৩ মে আবদুল কাদের মাসুমকে সভাপতি এবং মনিরুজ্জামান মানিককে সাধারণ সম্পাদক করে পঞ্চগড় জেলা ছাত্রদলের ১১ সদস্যবিশিষ্ট একটি আংশিক কমিটি ঘোষণা করেছিল ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। পরে তাঁরা পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছিল। মেয়াদোত্তীর্ণ হওয়ায় আগের কমিটি বিলুপ্ত করে ৮ এপ্রিল পঞ্চগড় জেলা ছাত্রদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।