
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অন্যের হয়ে পরীক্ষা দিতে আসা (প্রক্সি) এক তরুণকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদভুক্ত বি ইউনিটের তৃতীয় পালার (শিফট) পরীক্ষা চলাকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে তাঁকে আটক করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয় সূত্রে জানা গেছে, ওই তরুণের নাম সোহেল রানা। তিনি নিজেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বলে দাবি করেছেন। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ কর্তৃপক্ষ জানিয়েছে, সোহেল রানা তাদের বিভাগের ছাত্র নয়। অভিযুক্তের গ্রামের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলায়।
আটকের পর সোহেল রানা প্রথম আলোকে বলেন, ‘এর আগে কখনো প্রক্সি দিইনি। ইমরান ইমন নামের এক বড় ভাইয়ের মাধ্যমে পরীক্ষার্থী নাজমুল হকের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে ৩০ হাজার টাকার বিনিময়ে পরীক্ষায় অংশ নেওয়ার চুক্তি হয়।’
প্রক্টরের কার্যালয় সূত্রে আরও জানা গেছে, সোহেল রানা ভর্তি পরীক্ষার্থী নাজমুল হকের পরিবর্তে পরীক্ষা দিতে আসেন। স্কুল ও কলেজ কেন্দ্রের ৪০১ নম্বর কক্ষে পরীক্ষা চলাকালে তাঁকে মা–বাবার নাম জিজ্ঞেস করা হলে তিনি তা বলতে পারেননি। এরপর সন্দেহ হওয়ায় কর্তব্যরত শিক্ষকেরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে খবর দেন। পরে সোহেলকে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীনসহ বেশ কজন নিরাপত্তাকর্মী জিজ্ঞাসাবাদ করলে প্রক্সির বিষয়টি স্বীকার করেন তিনি।
অভিযুক্ত সোহেল রানা গতকাল রোববার (১৮ জুন) অনুষ্ঠিত কলা ও মানবিকী অনুষদভুক্ত সি ইউনিটে ভর্তি পরীক্ষায়ও অংশগ্রহণ করেছেন। তবে আজকের ঘটনার পর তাঁর উত্তরপত্র বাতিল করেছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান।
প্রক্টর বলেন, সোহেল রানাকে আটকের পর জিজ্ঞাসাবাদ করলে তিনি প্রক্সির বিষয়টি স্বীকার করেন। কিন্তু তিনি নিজের সম্পর্কে যেসব তথ্য দিয়েছেন, সেগুলো নিশ্চিত নয়। তাঁকে নিজেদের জিম্মায় রেখেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতের কাছে হস্তান্তর করা হবে। ভ্রাম্যমাণ আদালত তাঁর বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেবে।